তাহলে তিনি কে?
অক্ষয় মালহোত্রা (অক্ষয় কুমার): আমি লড়ব ম্যাডাম মায়ার হয়ে।
ম্যাডাম মায়া (রেখা): অক্ষয়, বাহাদুরি দেখাতে এসো না। তুমি আন্ডারটেকারের শক্তি সম্পর্কে জানো না।
শুরু হয় বিখ্যাত কুস্তিগীর আন্ডারটেকারের সঙ্গে অক্ষয় কুমারের লড়াই। নব্বইয়ের দশকের ছবি ‘খিলাড়িঁও কা খিলাড়ি’র এই দৃশ্য কার না ভালো লেগেছে। সে সময়ের অনেক দর্শকের কাছে এ কথাও রটে যায়, আন্ডারটেকারকে হারিয়েছিলেন অক্ষয় কুমার।
‘খিলাড়িঁও কা খিলাড়ি’র ২৫ বছর পূর্তিতে সেই লড়াই নিয়েই মিম বানিয়েছেন ভক্তরা, সেখানে লেখা, ‘যদি আন্ডারটেকারকে হারিয়ে থাকো, হাত ওঠাও।’ মিমে তিন রেসলারের সঙ্গে দেওয়া হয়েছে অক্ষয় কুমারের ছবি। তাঁরা ‘খিলাড়িঁও কা খিলাড়ি’র সেই লড়াইয়ের কথা মনে করে এই তালিকায় অক্ষয়কে রেখেছেন।
টুইটারে ওই ছবি দিয়ে অক্ষয় জানিয়েছেন, ছবির আন্ডারটেকার আসলে রেসলার আন্ডারটেকার নন, তার লুকঅ্যালাইক। মানুষটার নাম ব্রায়ান লি। তিনিও একজন রেসলার।
১৯৯৬ সালের ১৪ জুন ছবিটি মুক্তি পায়। ‘খিলাড়ি’ সিরিজের এই ছবি সে সময় বক্স অফিসে বেশ আলোড়ন তোলে। অক্ষয়ের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন রেখা ও রাভিনা ট্যান্ডন। গত ১৪ জুন ছবিটি মুক্তির ২৫ বছর পূর্তি হয়। সে উপলক্ষে দর্শককে এক মজার তথ্য দিলেন এই বলিউড অভিনেতা।
রোহিত শেঠির ‘সূর্যবংশী’তে আবারও পুলিশ চরিত্র করছেন অক্ষয় কুমার। বছরের শুরুতেই ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়। আনন্দ এল রাইয়ের ‘আতরাঙ্গি রে’ ছবিতেও তাঁকে দেখা যাবে। এই ছবিতে তাঁর সহশিল্পী সারা আলী খান ও ধানুশ। হাতে আছে ‘রাম সেতু’ ও ‘বেল বটম’ ছবি দুটো।