চলে গেলেন এরিক রোমার। ১১ জানুয়ারি নিভে গেল তাঁর জীবনপ্রদীপ। বিশ্ব চলচ্চিত্রে ফরাসি এই চলচ্চিত্রকার নানা কারণে গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক ও আলোচিত। প্রধান তিনটি কারণ—চলচ্চিত্রপ্রেমী বোদ্ধা, সমালোচক মাত্রই ম্যাগাজিন কাইয়ে দ্যু সিনেমার কথা জানেন। এটি ছিল একসময় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র ম্যাগাজিন। এরিক রোমার ১৯৫৭ থেকে ১৭৬৩ সাল পর্যন্ত এর প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। তখন ‘হান্স লুকাস’ ছদ্মনামে আরেক বিশ্ববিখ্যাত ফরাসি চলচ্চিত্রকার জঁ লুক গদার এই ম্যাগাজিনে লিখতেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে যে কজন চলচ্চিত্রকার ফরাসি চলচ্চিত্রে ‘নবতরঙ্গ’ (নিউ ওয়েভ) নামের একটি নতুন ধারার সূচনা করেছিলেন, যে ধারাটি তখন চলচ্চিত্রে যুক্ত করেছিল নতুন মাত্রা; এরিক রোমার তাঁদের অন্যতম। শুরুতে এই ধারায় রোমার প্রথম সারিতে না থাকলেও পরে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছিলেন।তিনি ছিলেন একই সঙ্গে চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক, ঔপন্যাসিক, শিক্ষক ও পরিবেশবাদী আন্দোলনের কর্মী। তাঁর তৈরি চিত্রনাট্যে জঁ লুক গদারের মতো বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকারও ছবি নির্মাণ করেন।এরিক রোমার জন্ম ১৯২০ সালের ২০ মার্চ। অবশ্য কেউ কেউ বলেন, তাঁর জন্ম ৪ এপ্রিল। ফ্রান্সের মানুষ তিনি।শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু। চলচ্চিত্রে পথচলা শুরু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে। প্রথম ছবি জার্নাল দি আন স্কেলেরাত মুক্তি পায় ১৯৫০ সালে। রোমার প্রথম চলচ্চিত্র বোদ্ধাদের নজরে আসে সত্তরের দশকে ছয়টি ধারাবাহিক ছবি (বিশ্ব চলচ্চিত্র জগতে সিক্স মরাল টেইলস নামে খ্যাত) নির্মাণের মাধ্যমে। এরই একটি মাই নাইট অ্যাট মডস (১৯৬৯)। ছবিটি শ্রেষ্ঠ চিত্রনাট্যের অস্কার মনোনয়ন লাভ করে এবং এটি রোমারকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। মরাল টেইলস ধারাবাহিকের অন্য ছবিগুলো হচ্ছে—দ্য বেকারি গার্ল অব মোনাকু (১৯৬৩), সুজানস ক্যারিয়ার (১৯৬৩), দ্য কালেক্টর (১৯৬৭), ক্লেয়ারস নি (১৯৭০), লাভ ইন দ্য আফটারনুন (১৯৭০)।মজার ব্যাপার হচ্ছে, এই ধারাবাহিকের প্রতিটি ছবির গল্পই মোটামুটিভাবে এক। কিন্তু রোমারের বৈচিত্র্যময় উপস্থাপনার ফলে প্রতিটি ছবি দর্শককে দেয় ভিন্ন ভিন্ন স্বাদ। আর এখানেই নির্মাতা হিসেবে রোমারের অনন্যতা। ছবিগুলোর গল্পটা এ রকম—একজন লোকের স্ত্রী বা প্রেমিকা থাকা সত্ত্বেও সে অন্য নারীতে আসক্ত। কিন্তু শেষ পর্যন্ত কামনা দমন করে লোকটি ঘরে কিংবা আপন নারীর কাছে ফিরে আসে।মোটা দাগে বলা যায়, কামনার বিপরীতে মানুষ কী করে, বা তার কী করা উচিত—মূলত এটিই ছিল রোমারের তখনকার ছবিগুলোর মূল দর্শন। তাঁর বেশির ভাগ ছবিতে বিশ্ববিদ্যালয়পড়ুয়া সুদর্শন তরুণ-তরুণী, দীর্ঘ কথোপকথন, উজ্জ্বল আলো, সমুদ্রসৈকত, মনোরম প্রাকৃতিক দৃশ্য প্রভৃতির উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। তাঁর অনেক ছবিতে জুল ভার্ন ও শেক্সপিয়রের প্রভাব বেশ স্পষ্ট। তাঁর ছবি সম্পর্কে চলচ্চিত্র সমালোচকদের একটি সাধারণ মন্তব্য এ রকম—রোমারের ছবি বিশ্লেষণ করা কঠিন। তবে তাঁর ছবি একবার ভালো লেগে গেলে পরের ছবি দেখতেই হয়।দীর্ঘ বিরতির পর রোমার ১৯৯৯ সালে অটামস টেইল নির্মাণ করে সমালোচকদের দৃষ্টি কাড়েন। ছবিটি ভেনিস চলচ্চিত্র উত্সবসহ বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হয়। ২০০০ সালে মুক্তি পাওয়া লেডি অ্যান্ড দ্য ডিউক-এর কারণে তিনি বিরূপ সমালোচনার মুখে পড়েন। অভিযোগ ওঠে, ছবিটিতে ফরাসি বিপ্লবকে হেয় করা হয়েছে। জবাবে রোমার বলেন, ‘আমি কোনো রাজনৈতিক কারণে এ ছবি নির্মাণ করিনি। কোনো দলকে হেয় করাও আমার উদ্দেশ্য ছিল না। এ ছবির মাধ্যমে আমি কেবল সর্বস্তরের মানুষকে ইতিহাসের প্রতি আগ্রহী করে তুলতে চেয়েছি।’এরিক রোমার অস্কার মনোনয়ন ছাড়াও কান, ভেনিস, বার্লিন চলচ্চিত্র উত্সবের বিভিন্ন পুরস্কারসহ ৩০টির মতো পুরস্কার জয় করেন এবং আরও ১৫টির জন্য মনোনীত হন। আশরাফুল হক, তথ্যসূত্র: ইন্টারনেট