তাহলে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে সুপার ডুপার হিট অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়ে অডিও-জগতে রাজকীয় আগমন তাঁর। গত ১০ বছরে ১৬৮টি (২৮টি একক) অ্যালবামে কণ্ঠ দিয়েছেন আগুয়ান এই গায়ক। পাঁচ শতাধিক ছবিতে দেড় হাজারের বেশি গান গেয়েছেন। পেয়েছেন কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। হঠাত্ই গত ২৫ মার্চ থেকে সব ধরনের গানকে বিদায় জানিয়েছেন তিনি। কী কারণ—বিস্তারিত এই সাক্ষাত্কারে। এর আগেও দুবার চলচ্চিত্রে গান করবেন না বলেছিলেন, আবারও করেছেন।প্রথমবার ২০০২ সালে শুধু চলচ্চিত্রের গানকে বিদায় বলেছিলাম, কারণ শিল্পীদের অনুমতি না নিয়েই অডিও কোম্পানিগুলো চলচ্চিত্রে গাওয়া গানগুলোর অডিও অ্যালবাম বাজারে ছেড়ে দিচ্ছিল। পরে চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের অনুরোধে ইতিহাস ছবিতে আবার প্লেব্যাক করলাম এবং আবার নিয়মিত হলাম। এরপর যখন চারদিকে নকল এবং অশ্লীল গান বেড়ে গেল, তখন আবারও প্লেব্যাক করা বন্ধ করে দিলাম। তবে পরিস্থিতি আবার যখন ভালো হলো, তখন ফিরে এলাম।এবারও কি ফিরে আসার কোনো সম্ভাবনা আছে?এবার পরিস্থিতি ভিন্ন। শুধু চলচ্চিত্রেই নয়, আমি এখন থেকে অডিও, টিভি কোথাও কোনো নতুন গানই আর গাইব না। ফলে এ অবস্থান থেকে ফিরে আসার বিন্দুমাত্র সম্ভাবনা নেই।গান ছাড়ার কারণ হিসেবে শুরু থেকেই বলে এসেছেন—কোনো অভিমান নয়, ইন্ডাস্ট্রির নানা অসংগতির জন্যই আপনার এ সিদ্ধান্ত। সেই অসংগতিগুলো কী?আমাদের শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, আত্মমর্যাদা, একাত্মতার চরম অভাব। কারও সঙ্গে কারও ভালো সম্পর্ক নেই। অগ্রজেরা অনুজদের জন্য কোনো দিকনির্দেশনা দিতে পারেননি। উল্টো তাঁরা নিজেরাই অনেকটা দিগ্ভ্রান্ত। আমি ইন্ডাস্ট্রিটাকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু অগ্রজদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে ব্যর্থ হয়েছি। তাই স্বেচ্ছায় বিদায় নিচ্ছি। ১০ বছর চেষ্টা করে শিল্পীদের একটা ফোরাম পর্যন্ত করতে পারিনি পারস্পরিক রেষারেষির কারণে।পারিশ্রমিক নিয়েও আপনার অনেক ক্ষোভ শোনা যায়।তা তো কিছুটা আছেই। শাকিব খান আজ প্রতি ছবিতে ৩৫-৪০ লাখ টাকা নিচ্ছেন বলে শুনেছি। অন্যদিকে রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদীর মতো গুণী শিল্পীরা প্লেব্যাক করে প্রতি গানে সম্মানী পান মাত্র ১০ হাজার টাকা! শ্রদ্ধাভাজন সুরকার আলম খান একটা গান সুর করে সম্মানী পান ১০ হাজার টাকা। কিন্তু এখন অনেক নবীন সুরকার এবং শিল্পী এক গানে দেড় থেকে দুই লাখ টাকা করেও নিচ্ছেন। আমি অবশ্য এতে খুশি। ইন্ডাস্ট্রির প্রতি দায়বদ্ধতা, অগ্রজদের প্রতি সম্মানের জায়গা থেকে আমরা যেটা পারিনি, সেটা তাঁরা পেরেছেন। আমরা ব্যর্থ। ওঁরাই সঠিক।ভক্ত-শ্রোতারা তো আপনার গান এখনো শুনতে চায়। ‘প্রথম আলো’ অফিসে অনেকেই ফোন করে, চিঠি দিয়ে জানিয়েছে যেন আপনি গান না ছাড়েন।শ্রোতারাই আসিফকে তৈরি করেছে। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের এই ভালোবাসার প্রতিদান আরও দিতে পারলে ভালো লাগত। কিন্তু যাদের জন্য গান করি, সেই শ্রোতাদের ভালোবাসাতেও এখন প্রচুর খাদ। শ্রোতারা এখন সিডি না কিনে এমপিথ্রি কেনে, ডাউনলোড করে। এসব কাজ শিল্পী থেকে শুরু করে পুরো ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিচ্ছে। কাদের জন্য গান গাইব, বলুন। যাঁরা পাইরেসি করে, তাঁদের জন্য?গান ছেড়ে দেওয়ার ঘোষণার পর সবার প্রতিক্রিয়া কেমন ছিল?ভক্ত-শ্রোতাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। গান না গাইলে কয়েকজন আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছিল। তাদের বুঝিয়ে-শুনিয়ে শান্ত করতে হয়েছে। তবে মজার ব্যাপার হলো, এত দিন যে ইন্ডাস্ট্রিতে ছিলাম, সেখানকার দু-তিনজন কাছের মানুষ ছাড়া কেউ বলেনি, কেন গান ছাড়ছি। তাতে অবশ্য আমি কষ্ট পাইনি। আমাদের শিল্পীরা এমনই আত্মকেন্দ্রিক!গান ছেড়ে দেওয়ার পর খারাপ লাগছে না। মনে হয় না, আবারও ফিরে যাই মাইক্রোফোনের সামনে?লাগে না আবার? মাঝেমধ্যে ভীষণ অস্থির লাগে। গান গাওয়ার জন্য মনটা কেঁদে ওঠে। অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটাই তো আমার পেশা ছিল। কিন্তু সবকিছুর পরও আমি নিজের সিদ্ধান্তে অটল। খুদিরাম, প্রীতিলতা, সূর্যসেনরা সিস্টেমের বিরুদ্ধে খুব ফলপ্রসূ কিছু করতে না পারলেও প্রতিবাদটা জানিয়ে গেছেন। আমিও ইন্ডাস্ট্রির সিস্টেমের বিরুদ্ধে ছোট্ট একটা প্রতিবাদ জানিয়েছি মাত্র। যারা টিকে থাকার জন্য মুখ বুজে, মানিয়ে নিয়ে কাজ করে যাচ্ছে, তাদের পক্ষ হয়ে এ কাজ করেছি। তবে ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করার চেষ্টা সবসময় থাকবে। বাইরে থেকেও কাজ করা যায়।গান ছেড়ে এখন কী করবেন বা করছেন?সবচেয়ে বড় কথা হলো, ধুঁকে ধুঁকে গান গেয়ে যেতে চাই না। ভালো খেলতে খেলতে একসময় ক্রিকেট ছেড়ে দিয়েছি। সময় থাকতে গান থেকে বিদায় নিলাম। পতিত শিল্পী হতে চাই না। আমি যখন যেটা করি, খুব মনোযোগ দিয়ে করি। এবার সেভাবেই রাজনীতি করব। দেশের জন্য কিছু করতে চাই। সফল একজন রাজনীতিবিদ হতে চাই। আরও বড় পরিসরে দেশের মানুষের কাছে পৌঁছাতে চাই।নিজের কোনো শেষ কথা আছে?আপনারা সবাই মা ও দেশকে ভালোবাসবেন। আর আমি অনেক সরাসরি কথা বলি। গত ১০ বছরে যদি কখনো কারও মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে সবার কাছে ক্ষমা চাই। সংগীতাঙ্গনের প্রতি আমার ভালোবাসা আজীবন থাকবে।