তাহসান পেলেন বিশেষ সম্মাননা

গান ও অভিনয়ের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার জিতেছেন তাহসান। তবে এবার শুধু গান আর অভিনয় নয়, সংস্কৃতিক্ষেত্রে অবদানের জন্য সামাজিক উন্নয়নমূলক আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) পক্ষ থেকে তিনি জিতলেন বিশেষ এক সম্মাননা। গত শনিবার সন্ধ্যায় তিনি গ্রহণ করলেন জেসিআইয়ের ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন (টিওওয়াইপি)’ পুরস্কার।
১৩০টি দেশে কার্যক্রম রয়েছে জেসিআইয়ের। বর্তমান জাতিসংঘের সদস্যভুক্ত এই সংগঠনের যাত্রা শুরু হয় ১৯১৫ সালে। বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয় ১৯৭২ সালে। এমন একটি সংগঠনের কাছ থেকে পুরস্কার পাওয়ায় সম্মানিত বোধ করছেন তাহসান। তিনি বলেন, ‘আগে আমাদের মিডিয়ার জায়গাটাকে ছোট করে দেখা হতো। এখন এর বিস্তার হচ্ছে। দেশের ব্যবসাক্ষেত্রেও মিডিয়া অবদান রাখছে। আন্তর্জাতিক অঙ্গনেও এর জায়গা করে নিতে সময় লাগবে না।’
চার বছর ধরে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য ১০টি আলাদা ক্ষেত্রের সফল ১০ জন (অনূর্ধ্ব-৪০) ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।