তাহসানে মুগ্ধ মিম

প্রথমবারের মতো ঈদের একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান এবং লাক্স তারকা মিম। তাহসানের সঙ্গে প্রথম কাজ করতে গিয়ে তাঁর অসাধারণ ব্যক্তিত্বে রীতিমতো মুগ্ধ হয়ে গেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা মিম।
ইমরাউল রাফাতের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ‘এক্স গার্লফ্রেন্ড’ নাটকের কাজ শেষ করে মিম তাঁর ফেসবুক পাতায় লেখেন, ‘তাহসান ভাইয়ার সঙ্গে কাজ করে সত্যিই খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আমার। তিনি খুবই ব্যক্তিত্বসম্পন্ন ও বন্ধুসুলভ একজন ব্যক্তি।’
এ প্রসঙ্গে প্রথম আলোকে মিম বলেন, ‘তাহসান ভাইয়ার সঙ্গে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। আমি আগে থেকেই তাঁর গানের ভক্ত। তাঁর অভিনীত নাটকও আমি দেখেছি। নিঃসন্দেহে তিনি একজন অসাধারণ মানুষ।’
এদিকে মিম সম্পর্কে তাহসান বলেন, ‘মিমের প্রশংসা আমি অনেকের কাছে শুনেছি। তাঁর অভিনীত কোনো নাটক আমার দেখা হয়নি। কিন্তু একসঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি, মিম আসলেই খুব ভালো অভিনয় করেন। আমি মনে করি, বর্তমান সময়ে অভিনয় জগতের নক্ষত্র মিম।’