তাহসানের ‘অসাধারণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ। দুই বছর পর এবার পাকাপাকিভাবে দেশে ফিরেছেন তাহসান। জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন ধানমন্ডিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি একই সঙ্গে শুরু করেছেন তিনটি অ্যালবামের কাজ। তাহসান বললেন, ‘অনেক দিন শ্রোতাদের সামনে তেমন গান করার সুযোগ হয়নি। কিন্তু গান লেখা ও সুর করা থেমে থাকেনি। যুক্তরাষ্ট্রে একটু একটু করে কাজ করেছি। এরই মধ্যে অর্ধশতাধিক গান জমে গেছে। এখন গানগুলোর সংগীতায়োজন করছি।’ তাহসানের নেই অ্যালবামটি বাজারে এসেছিল তিন বছর আগে। এবার তাহসান যে তিনটি অ্যালবামের কাজ করছেন, এর মধ্যে একটি তাঁর নতুন একক। নাম অসাধারণ। এটি হবে তাহসানের পঞ্চম একক অ্যালবাম। বললেন, ‘অ্যালবামে “অসাধারণ” শিরোনামে একটি গান করেছি। সেখান থেকেই নামটি নেওয়া।’ অন্য দুটো অ্যালবামের ব্যাপারে বললেন, ‘নতুনদের নিয়ে কাজ করব। এ ছাড়া মিনারের দ্বিতীয় অ্যালবাম করছি। ওর প্রথম অ্যালবামটি ছিল ডানপিটে। ওটার সংগীতায়োজন আমিই করেছিলাম। ডানপিটের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল।’ নিজের নতুন অ্যালবামের গান নিয়ে বললেন, ‘গানগুলো আমার মতোই হবে। তবে দীর্ঘদিন বিদেশে থাকার সময় গানগুলো লেখা ও সুর করা। তার একটা ছাপ তো থাকবেই। মনে হচ্ছে, শ্রোতারা এবার নতুন কিছু পাবে।’ জানালেন, অসাধারণ অ্যালবামটি তিনি তৈরি করছেন ঈদের জন্য।