তাহেরা খানমের প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মপ্রতিকৃতির সামনে দাঁড়িয়ে শিল্পী তাহেরা খানম জানাচ্ছেন কীভাবে ছবিটা আঁকা হলো  l ছবি: আশরাফুল আলম
আত্মপ্রতিকৃতির সামনে দাঁড়িয়ে শিল্পী তাহেরা খানম জানাচ্ছেন কীভাবে ছবিটা আঁকা হলো l ছবি: আশরাফুল আলম

আমরা ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এসেছি তাহেরা খানমের আঁকা ছবিগুলো দেখব বলে। এই তো কিছুক্ষণ আগে শিল্পী সৈয়দ জাহাঙ্গীর আর সমরজিৎ রায়চৌধুরী যৌথভাবে উদ্বোধন করলেন ‘বেলা অবেলার রঙরাগিণী’ শীর্ষক এই প্রদর্শনীর। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীর উপস্থাপনায় প্রথমেই কিছু বলতে বলা হলো তাহেরা খানমকে। কী বলবেন তিনি? যে দুজন এই প্রদর্শনী করার ব্যাপারে সবচেয়ে উৎসাহী ছিলেন, সেই সুবীর চৌধুরী আর কাইয়ুম চৌধুরী চলে গেলেন, তাঁরা দেখে যেতে পারলেন না তাহেরা খানমের দ্বিতীয় একক প্রদর্শনীটি। চোখের জলে উপস্থিত সবাইকে বেদনার্ত করে কথা শেষ করলেন তাহেরা খানম।
অনুষ্ঠানের শিল্পী সৈয়দ জাহাঙ্গীর ও সমরজিৎ রায়চৌধুরীও বক্তব্য দেন। সৈয়দ জাহাঙ্গীর স্মৃতি রোমন্থন করে বলেন, তাহেরাদের ব্যাচটিতেই প্রথম মেয়েরা ভর্তি হয়। জয়নুল আবেদিন স্যার ছেলেদের চোখে চোখে রাখতেন, যেন মেয়েদের সঙ্গে আড্ডা না মারা হয়। তাহেরা কাজ করছে জেনে খুব ভালো লাগছে।
সমরজিৎ রায়চৌধুরী বললেন, সবুজ আর নীলে যেন ভরা গ্যালারি। কিন্তু প্রতিটি কাজই আলাদা। ভিন্ন প্রকৃতির নিজস্ব ধারায় তাহেরা খানম লতাপাতা, বনজঙ্গল, মাছ, পশু নিয়ে কাজ করেছেন।
ভাবতে ভালো লাগছে, তাহেরা খানম আবার একটি প্রদর্শনী করলেন। সেই যে ২০০৩ সালে চিত্রক গ্যালারিতে তাঁর প্রথম একক প্রদর্শনী হয়েছিল, এরপর আর সে পথে হাঁটেননি তিনি। জলরং আর চারকোলে করা কাজগুলো ছিল মনোমুগ্ধকর। প্রদর্শনীবিমুখ এই শিল্পী এরপর শুধু শিল্পীদের যৌথ আয়োজনেই নিজের ছবি প্রদর্শিত হতে দিয়েছেন, একক প্রদর্শনী আর নয়।
বেঙ্গল শিল্পালয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় যে প্রদর্শনীটির উদ্বোধন হলো, তাতে স্থান পেয়েছে তাহেরা খানমের ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত আঁকা ৪৮টি ছবি। সব কটিই ক্যানভাসে অ্যাক্রিলিকের কাজ।
ঢাকার তৎকালীন আর্ট ইনস্টিটিউটে তাহেরা খানম ভর্তি হন ১৯৫৪ সালের জুলাই মাসে। কাইয়ুম চৌধুরী এ প্রতিষ্ঠান থেকেই ওই বছরের জুন মাসে পড়াশোনা শেষ করেছিলেন। সেখানেই শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন ১৯৫৮ সালে। তাঁদের বিয়ে হয় ১৯৬০ সালে।
শিল্পী রফিকুন নবী ঘুরে দেখছিলেন প্রদর্শনী। বললেন, এখন নারীদের মধ্যে যাঁরা কাজ করছেন, তাঁদের মধ্যে তাহেরা খানমই জ্যেষ্ঠ শিল্পী। ফুল, পাতা, মানুষ—সব মিলে তাঁর ছবিগুলো অসাধারণ হয়ে ওঠে। কখনো ছবিতে থাকে লোকজ ভাব। সবকিছু মিলিয়ে তাঁর ছবিগুলো খুবই কালারফুল।
ভিড়ের মধ্য থেকে তাহেরা খানমকে আমরা নিয়ে আসি তাঁর আত্মপ্রতিকৃতির কাছে। ছবিটি আঁকার সময় কাইয়ুম চৌধুরী তাঁকে বেশ সাহায্য করেছিলেন। একদম বাঁ দিকের মেয়েটি তিনিই, কম বয়সের। ছবিটির জন্মকথা বলে গেলেন তাহেরা খানম। আর বারবার ঘুরেফিরে এল কাইয়ুম চৌধুরীর সঙ্গে তাঁর ৫৪ বছরের মিলিত জীবনের কথা।
প্রদর্শনী চলবে ২৫ জুন পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।