তাড়াহুড়ো নেই পপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপি
পপি

‘প্রতিদিনই কিন্তু ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। কিন্তু মনের মতো গল্প পাচ্ছি না। আমি বছরে একটি থেকে দুটি কাজ করতে চাই। তা অবশ্যই মানসম্মত হতে হবে। সংখ্যা বাড়ানোর কোনো ইচ্ছে এখন আর নেই। ক্যারিয়ারে নিয়ে আমার বিন্দুমাত্র তাড়াহুড়ো নেই। কয়েক বছর কাজ করেই চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ারও কোনো পরিকল্পনা নেই। যত দিন বাঁচব, ভালো কিছু কাজ করে যাব। কারণ আজ আমি পপি হয়েছি দর্শকের ভালোবাসার কারণে।’ বললেন পপি।


অনেক দিন নতুন কোনো ছবিতে অভিনয়ের খবর নাই। বিশেষ দিবসে টেলিভিশন নাটকে তাঁকে দেখা যায়। আর নাটকের এই কাজটা পপিও বেশ উপভোগ করেন। পপি বলেন, ‘আমি অভিনয়শিল্পী। অভিনয় করাটাই আমার প্রধান কাজ। হোক না তা ছোটপর্দা কিংবা বড়পর্দা। গল্প পছন্দ হলে আমি যেকোনো মাধ্যমেই কাজ করতে রাজি।’

এখনকার ছবির অবস্থা সম্পর্কে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনয়শিল্পী বলেন, ‘একটা সময় ছিল যখন বাংলাদেশে এক বছরে ছবি মুক্তি পেত এক থেকে দেড়শ। সেটা এখন কমে অর্ধেকে নেমে এসেছে।

অনেক ছবি নির্মাণ হচ্ছে। কিন্তু হলে মুক্তি পাচ্ছে খুব কম। অনেক সময় কিছু মুক্তি পাচ্ছেও না। ছবির বাজেটও থাকত এক থেকে দেড় কোটি টাকা। এখন সে ছবির বাজেট চলে আসছে ৫০ লাখেরও নিচে। দেখা যায় অনেক ক্ষেত্রে ২০ লাখের মধ্যেই ছবি নির্মাণ হয়ে যাচ্ছে। তার মানে ছবির মান আগের মতো নেই। বাজেট তিন ভাগের দুই ভাগই নেই। যেখানে বিশ্বের অন্য দেশগুলোতে সবকিছুর মান বেড়েছে। সেখানে আমাদের দেশের চলচ্চিত্রের মান এত কমে যায় কীভাবে? চলচ্চিত্রশিল্পী দিন দিন খারাপের দিকে চলে গেছে। বাজেট যখন কম হয় অভিনয়শিল্পী, পরিচালক এমনকি অন্যান্য সবকিছু সস্তা মানের হয়ে যায়।’

পপি অভিনীত সাম্প্রতিকতম ছবি হচ্ছে ‘চার অক্ষরের ভালোবাসা’। জাকির খানের পরিচালনায় এই ছবিতে পপির বিপরীতে অভিনয় করেন ফেরদৌস ও নিরব।