তিতবিরক্ত রানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিত্য চোপড়ার সঙ্গে বলিউডের অভিনেত্রী রানি মুখার্জির প্রেম ও বিয়ের গুজবে এখনো পর্যন্ত বেশ কয়েকবার সরব হয়েছে বলিউডকেন্দ্রিক সংবাদমাধ্যমগুলো। কিন্তু শুরু থেকে আজ অবধি নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি রানি কিংবা আদিত্যের কেউই। সম্প্রতি সংবাদমাধ্যমে এ জুটির বিয়ের গুজব ডালপালা মেলায় যারপরনাই বিরক্ত ও ক্ষুব্ধ হয়েছেন রানি। বিয়েসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিতবিরক্ত রানি বলেছেন, ‘ঈশ্বরই সিদ্ধান্ত নেবেন, কে আমার জীবনসঙ্গী হবে।’সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রানি। আদিত্যের সঙ্গে লুকিয়ে বিয়ে করার গুজব সম্পর্কে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত অনেকের সঙ্গেই আমার বিয়ে দিয়েছে সংবাদমাধ্যমগুলো। আমার বিয়ের খবর যাঁরা রটিয়েছেন, তাঁরা নিজেরাই জানেন না যে আমার বিয়ের বছরটি ২০০৭, ২০০৯, নাকি ২০১২! আগে তাঁরা স্থির কোনো সিদ্ধান্তে পৌঁছান, তারপর না হয় বিয়ে নিয়ে মুখ খুলব আমি।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। রানি আরও বলেন, ‘আমি অনেক ভাগ্যবান। কারণ, এ দেশের অনেক মানুষই আমাকে তাঁদের মেয়ের চোখে দেখেন। আমার বিয়ে নিয়েও তাই অনেক আগ্রহ তাঁদের মধ্যে। কিন্তু জন্ম, মৃত্যু ও বিয়ের ওপর তো মানুষের হাত নেই। এটা ঈশ্বরই নির্ধারণ করে দেন। যাঁর সঙ্গে আমার জোড়া লেখা আছে, সময় হলে তাঁর গলাতেই মালা পরাব আমি।’ আদিত্য ও আমার বিয়ে সম্পর্কে একটাই মন্তব্য করতে চাই—তা হলো, ‘আমি এখনো অবিবাহিত।’