ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে লন্ডনের তারা আর্টসের নাটক ‘সোনাটা’। যৌথভাবে আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল, আইটিআই বাংলাদেশ কেন্দ্র ও তারা আর্টস। মারাঠি নাট্যকার মহেশ এলকুঞ্চওয়ারের লেখা থেকে রূপান্তর করা হয়েছে নাটকটি। নির্দেশনা দিয়েছেন মুকুল আহমেদ। এখানে অভিনয় করছেন মিতা চৌধুরী। কথা হলো তাঁর সঙ্গে।নাটকের নাম সোনাটা কেন?বিটোফেনের ‘মুনলাইট সোনাটা’ কম্পোজিশনের প্রথম ভাগ এ নাটকে ব্যবহার করা হয়েছে। এটি এক ধরনের সুর। নাটকের গল্পও তিনজন অভিবাসী নারীর জীবনের সুর নিয়ে। তিনজনই বাংলাদেশের। ২০ বছর ধরে লন্ডনে বাস করছে। তিনজন তিন ধরনের পেশায় জড়িত। দীর্ঘ সময়ে তারা অপরিচিত এক সংস্কৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। অভিবাসী হওয়ার পর স্বাভাবিক জীবনের যে ছন্দপতন হয়, সেই অভিবাসীদের প্রাত্যহিক জীবনের কথা, দেশের জন্য অনুভূতি, নিজেদের দুঃখ-কষ্ট, ভালো লাগা, স্বপ্ন—সবকিছুই ফুটে উঠেছে এই গল্পে। তাই এই নাটকের নাম সোনাটা।এই নাটকে কারা অভিনয় করেছেন?তিনজন নারী—মানে তিনটি চরিত্র। আমি ছাড়া অন্যরা হলেন লিসা গাজী ও জাফরিন রহমান। জাফরিন আসতে পারেননি। ওঁর চরিত্রটি এখানে করছে ফারহানা মিঠু। আরেকটা ব্যাপার, আমরা এবার নাট্যকার মহেশ এলকুঞ্চওয়ারকেও আনতে চেয়েছিলাম। কিন্তু সময় ও সুযোগের কারণে পারিনি। দেখি, ভবিষ্যতে কোনো এক সময় হয়তো তাঁকে আনব।তারা আর্টস নিয়ে কিছু বলুন।তারা আর্টস লন্ডনের একটি নাটকের দল। ১৯৭৭ সালে লন্ডনে এক বর্ণবাদী ঘটনা ঘটেছিল। তখন এ ধরনের ঘটনার বিরুদ্ধে উদ্বুদ্ধ করা এবং জনমত গঠনের জন্য জতিন্দর বার্মা নামের একজন ব্যক্তি দলটি গঠন করেন। শুরুর দিকে উপমহাদেশের সংস্কৃতিকেই নাটকের মাধ্যমে দলটি তুলে ধরত। এখন অবশ্য ইউরোপের নাটকও হচ্ছে। এটি পুরোপুরি একটি পেশাদার দল। যুক্তরাজ্যের আর্ট কাউন্সিল থেকে তারা আর্টসকে পৃষ্ঠপোষকতা করা হয়।সোনাটা নাটকের কয়টি প্রদর্শনী হবে?এবার তিনটি প্রদর্শনী হচ্ছে। গতকাল সোমবার ছিল প্রথম প্রদর্শনী। আজ ও আগামীকাল আরও দুটি প্রদর্শনী হবে। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ২০০৮ সালে। এরপর যুক্তরাজ্যের বিভিন্ন মঞ্চে নাটকটির ছয়টি প্রদর্শনী হয়েছে।বিনোদন প্রতিবেদক