তিন অ্যালবাম নিয়ে ব্যস্ত তপন চৌধুরী

ঈদের আগে কানাডা থেকে দেশে ফিরেছেন সংগীতশিল্পী তপন চৌধুরী। দেশে ফিরেই ব্যস্ত সময় পার করছেন তিনি। ঈদ-পূজা উপলক্ষে অংশ নেন বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানে। স্টেজ শো করেছেন ঢাকা ও ঢাকার বাইরে। ঈদ-পূজার ব্যস্ততা কাটিয়ে তপন চৌধুরী এখন অডিও অ্যালবামের কাজে মন দিয়েছেন।তপন চৌধুরীর ভাষায়, ‘গেল কয় বছর ধরে আমি শুধু কথা দিয়ে আসছি, সেটা রাখতে পারিনি, রেকর্ডিংয়ের কাজ শেষ করতে পারিনি। তবে এবার ভাবছি রেকর্ডিং শেষ করেই কানাডায় যাব। তার আগে নয়।’
অডিওতে ব্যান্ড ও আধুনিক গানের অন্যতম এই শিল্পীর শেষ অডিও অ্যালবামটির নাম ছিল ‘যেতে হবে বহুদূর’। প্রকাশ পেয়েছিল বছর দশেক আগে।
তপন চৌধুরী বলেন, ‘অ্যালবামটি করার সময়ও আমি জানতাম না ঢাকা ছেড়ে স্ত্রী-সন্তানদের জন্য আমাকে কানাডায় চলে যেতে হবে। প্রকাশের পরই আমি কানাডায় চলে যাই। তখন মনে মনে ভাবলাম, অ্যালবামের নামটির সঙ্গে আমার জীবনের এত মিল হলো কেমন করে!’
যা-ই হোক, তপন এরই মধ্যে গুছিয়ে ফেলেছেন তিন-তিনটি এককের পরিকল্পনা। আবার শিগগিরই মুক্তি পাচ্ছে তাঁর গাওয়া পুরোনো জনপ্রিয় গানগুলোর রিমেক অ্যালবাম। যে অ্যালবামে স্থান পেয়েছে পলাশ ফুটেছে, ঢালেতে লরি চরি বইয়ো, এমন কোনো স্মৃতির চিহ্ন নেই, যেতে যেতে কেন পড়ে বাধার মতো মেগাহিট গানগুলোর রিমেক ভার্সন। মেহেদীর সংগীতায়োজনে এ অ্যালবামটি প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে চলতি বছরেই।
তপন চৌধুরী বলেন, ‘এরই মধ্যে আমি বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করেছি। তারাও আগ্রহ প্রকাশ করেছে। শুধু রিমেক অ্যালবামই নয়। এরই মধ্যে আরও দুটি মৌলিক গানের অ্যালবাম তৈরি করছেন তপন চৌধুরী।’
এর মধ্যে একটি মৌলিক একক, অন্যটি শাকিলা জাফরের সঙ্গে দ্বৈত। তবে এ অ্যালবাম দুটির রেকর্ডিং শেষ করে প্রকাশ করতে শ্রোতাদের কাছ থেকে তিনি সময় নিয়েছেন নতুন বছর পর্যন্ত।