তিন কন্যার ঈদকথন
>মাহি, মেহজাবিন, পড়শি। তাঁরা তিনজনই এ প্রজন্মের। তিনজনই এই সময় দারুণ জনপ্রিয়। পেয়েছেন ‘তারকা’ খ্যাতি। মাহি চলচ্চিত্রে, মেহজাবিন টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে আর পড়শি গানে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রয়েছে তাঁদের লাখ লাখ ভক্ত ও অনুসারী। এখনো কারও পড়াশোনা শেষ হয়নি। ছোটবেলা তাঁদের কাছে ‘মাত্র তো সেদিনের কথা’। তাঁদের সেদিনের ঈদগুলো কেমন ছিল? এই তিন তারকার ঈদের কিছু টুকরো স্মৃতি তুলে ধরা হলো এখানে।

নিরামিষ ঈদ: মাহি
আমার জন্মদিন ২৭ অক্টোবর। একবার ঈদ হয়েছিল এই দিনটিতেই। তখন আমি ক্লাস নাইনে পড়ি। একটা ছেলের সঙ্গে আমার যোগাযোগ ছিল। কথা হতো। প্রেম বলতে পারেন। ঈদের দিন ছেলেটার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে গেলাম। আমার কিন্তু স্কুল আর খুব দরকার ছাড়া বাসা থেকে বের হওয়ার তেমন সুযোগ ছিল না। বাবা-মায়ের একমাত্র সন্তান। তাই আদর-শাসন দুটোই ছিল বেশি বেশি। ঈদের দিন ছেলেবন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। বান্ধবীদের বিষয়টি আগে থেকেই জানিয়ে রেখেছিলাম। ঈদের দিন। এক বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাবা-মায়ের কাছ থেকে অনুমতি পেলাম। এরপর আমি স্বাধীন। আমার সেই বন্ধুর নামটিই বলা হয়নি। থাক, ওর নাম এখন আর না-ইবা বললাম। সেদিন ওর সঙ্গে দেখা হয়েছিল মিরপুর বেড়িবাঁধ এলাকায়। কচুরিপানা ফুল আমার খুব পছন্দ। আমার বন্ধু তা জানত। আমার জন্য কচুরিপানার ফুল আনতে ও ডোবায় নেমে পড়ে। খুব মজার ছিল দিনটি। কিন্তু বাসায় ফেরার পর মায়ের কাছে ধরা পড়ে যাই। যে বান্ধবীর বাসায় যাব বলে বের হয়েছিলাম, সে আমার বাসায় চলে আসে। কী আর করা, মায়ের অনেক বকা শুনতে হয়েছিল। সারা দিন আমরা যে আনন্দ করেছিলাম, তার কাছে মায়ের ওই বকুনি কিছুই না।
এখন ঈদ আমার জন্য একেবারে উল্টো হয়ে গেছে। এখন আমি অনেক বেশি স্বাধীন, কিন্তু কোথাও বেড়াতে যেতে পারি না। ঈদের আগে ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে যাই। সেদিনের সেই আনন্দ এখন আর পাই না। সত্যি বলছি, এখন ঈদ আমার কাছে একেবারে নিরামিষ মনে হয়।

গরুর জন্য কান্না: পড়শি
আমার ছোটবেলার ঈদগুলো ছিল সবচেয়ে মজার। সবচেয়ে আনন্দের। একটা ঘটনার কথা বলছি। ছোটবেলার কোনো এক কোরবানির ঈদ। গরু কেনা হয়েছিল ঈদের চার-পাঁচ দিন আগেই। ওই গরুটা অনেক কিউট ছিল। আমি তো কাজকর্ম বাদ দিয়ে সারা দিন ওই গরুর কাছাকাছি বসে থাকতাম। গরুর মুখের কাছে খাবার এগিয়ে দিতাম। যেদিন গরুটা কোরবানি দেওয়া হলো, সেদিন আমি অনেক কেঁদেছিলাম। কান্না যেন আর থামছেই না। ঈদের পরও ছিল এই কান্না। গরুর মাংস রান্না হচ্ছে, কিন্তু আমি খেতে পারিনি। গরুটার প্রতি কেমন যেন মায়া তৈরি হয়েছিল। সবাই আমাকে অনেক সান্ত্বনা দিয়েছিলেন। একসময় আমার কান্না থেমে যায়। অনেক ঘটনার মধ্যে এই ঘটনা এখনো স্পষ্ট মনে আছে।
ছোটবেলায় ঈদের সময় আমি থাকতাম নানুর বাড়ি। আমার নানুর বাড়ি উত্তরায়। আমার কাছে মনে হয়, এখন ঈদের আনন্দ সেই আগের মতো আর নেই। এখন কোনো মজা হয় না। ঈদের সময়টা কাটে ঘুমিয়ে আর টিভি দেখে। আমরা যারা কাজ করি, তাদের দেখা যায়, ঈদের আগের দিনও শুটিংয়ে ব্যস্ত থাকতে হয়। ঈদের দুই-তিন দিন পর থেকে আবার শুটিংয়ের ব্যস্ততা শুরু হয়। এখন শুধু ঈদের দিনটাতেই একটু ফ্রি থাকি।

কামিজ প্রীতি: মেহজাবিন
তখন আমার বয়স ছিল আট-নয় বছর। রোজার ঈদ। ওই বছরই প্রথম আমাকে কামিজ বানিয়ে দেওয়া হয়। আমি তো মহাখুশি। আনন্দে আত্মহারা! সেই কামিজ হাতে পেলাম ঈদের আগের রাতে। রাতে ঘুমানোর আগে কামিজটি ভালোভাবে ভাঁজ করে আলমারিতে উঠিয়ে রাখলাম। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আলমারি থেকে কামিজটি নামিয়ে কিছুক্ষণ দেখলাম। কামিজটি পরেই। দুপুরে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে জেগে দেখি কামিজে ভাঁজ পড়ে গেছে। আয়রন করলেই ঠিক হয়ে যাবে। আর তাতেই ঘটে বিপত্তি। তাড়াহুড়ো করতে গিয়ে কামিজের একটা অংশ পুড়ে যায়। শুরু হয় আমার কান্না। বাসার সবাই ছুটে আসে আমার কাছে। কান্না আর থামে না। বিকেলে সবার সঙ্গে বেড়াতে বের হয়েও অনেক কেঁদেছিলাম। কামিজটি কিন্তু এখনো আমার কাছে আছে।
আরেকটি ঘটনা। আমি তখন বাবা-মায়ের সঙ্গে দুবাই থাকি। বয়স? মনে নেই। কোরবানির ঈদের আগে বাংলাদেশে আসি। চট্টগ্রামে দাদা-দাদির সঙ্গে ঈদ করব। ঈদের আগের দিন। হাট থেকে গরু আসবে। বাসায় আমরা সবাই অপেক্ষা করছি। গরু নিয়ে এল সন্ধ্যার সময়। দেখি আমাদের গরুটার গায়ের রং কালো। অন্যদের গরুর রং লাল, কারও সাদা। ‘আমাদের গরুর রং কালো, ছোট, দেখতে ভালো না’—এসব বলে আশপাশের বাড়ির ছেলেমেয়েরা আমাকে খ্যাপাতে লাগল। একসময় আমি কেঁদে ফেলি। পরে দাদু এসে আমাকে বাড়ির মধ্যে নিয়ে যান। ঈদ এলে ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে।