
অনুষ্ঠানের শুরুতে তিনটি সমবেত সংগীতের প্রথমটি—‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’—ঠিক উদীচীর পরিবেশনা হয়ে উঠল না। দর্শক আসনের সামনের সারির একজন বলে উঠলেন, ‘মনে হচ্ছে কোরাসের জন্য ঠিকমতো অনুশীলন করা হয়নি!’ তিনটি সমবেত সংগীতের পর সমাগতরা ঘণ্টা খানেক বক্তৃতা শুনল। শেষে গান, কবিতা, নৃত্য আর নাটকে প্রাণবন্ত হয়ে উঠল গতকালের সন্ধ্যাটি।
বাংলা সাহিত্যের তিন সূর্যসন্তান রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সোমবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হয়েছিল আয়োজনটি।
অনুষ্ঠানের শুরুতেই তিন কবির গান পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সংগীত বিভাগের শিল্পীরা। শুরুর এই আয়োজনে দেখা গেল মঞ্চে সমবেত গান করছেন শিল্পীরা, তাঁদের সামনেই বক্তৃতার ডায়াস। গান চলাকালীন একজন কর্মী সেটা সরিয়ে নিলেন।
আলোচনা সভা হয় উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে। স্বাগত বক্তব্য দেন নিবাস দে। শুভেচ্ছা বক্তব্য দেন প্রবীর সরদার। এরপর রবীন্দ্রনাথ, নজরুল ও সুকান্তের সাহিত্যকর্ম, রচনা ও জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, অধ্যাপক সফিউদ্দিন আহমেদ ও অধ্যাপক সৌমিত্র শেখর। সুকান্তের গদ্য রচনা নিয়ে বলতে গিয়ে নিরঞ্জন অধিকারী বলেন, ‘মৃত্যু ছিনিয়ে না নিয়ে গেলে আমরা কবি সুকান্তের পাশাপাশি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সুকান্তকে বেশি করে পেতাম।’ সৌমিত্র শেখর তাঁর বক্তব্যে কাজী নজরুল ইসলামের আন্তধর্মীয় সম্প্রীতির বিষয়টি উল্লেখ করেন। সফিউদ্দিন আহমেদ রবীন্দ্র নাটকে গণমানুষের প্রসঙ্গ এনে বলেন, রবীন্দ্রনাথকে যারা সামন্ত-পরিপোষক কবি, বুর্জোয়া কবি বলেন, তাঁদের ধারণা অমূলক। তাঁরা জানেন না কবির কবিতায়, গানে, গল্পে, উপন্যাসে ও নাটকে বিবিধ লেখায় কবি গভীর একাত্মতা ও আত্মীয়তায় গণমানুষের কথা বলেছেন। আলোচক হিসেবে সংগঠনের সভাপতি কামাল লোহানীর নাম থাকলেও দেরিতে অনুষ্ঠানস্থলে আসার কারণে এ পর্বে তিনি বক্তৃতা দেননি।
সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই তিন কবিকে নিবেদন করে স্বরচিত গান শোনান মাহমুদ সেলিম। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে আকাশের নাচের পর ‘প্রেমে, দ্রোহে তিন কবি’ শীর্ষক গীতি-আলেখ্য পরিবেশন করেন উদীচী মিরপুর শাখার শিল্পীরা। এরপর ছিল তাজিম সুলতানার রবীন্দ্রসংগীত, ডেমরা শাখার শিল্পীদের নৃত্যের পর সুকান্তর ‘রানার’ কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করেন
আরিফ নূর ও নজরুল ইসলাম। মাহমুদ সেলিমের গ্রন্থনায় ‘দেশপ্রেম থেকে বিশ্বপ্রেমে’ নামের গীতি-আলেখ্য পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটি পরিবেশন করে উদীচী কেন্দ্রীয় নাটক বিভাগ।