তিন কবিকে স্মরণ করল উদীচী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা ​একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে রবীন্দ্র, নজরুল এবং সুকান্ত জয়ন্তী অনুষ্ঠানে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো
শিল্পকলা ​একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে রবীন্দ্র, নজরুল এবং সুকান্ত জয়ন্তী অনুষ্ঠানে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো

রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং সুকান্ত ভট্টাচার্য—এই তিন কবির জয়ন্তী উপলক্ষে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রবীন্দ্র, নজরুল ও সুকান্তজয়ন্তী সন্ধ্যার আয়োজন করে। যেখানে ছিল বাংলা সাহিত্যের তিন সূর্যসন্তানকে নিয়ে আলোচনা, তাঁদের সৃষ্ট গান, কবিতা আর গানের সঙ্গে নৃত্য।

শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে একক গিটার বাজিয়ে শোনান উদীচী পরিচালিত শিল্পকলা বিদ্যালয় ‘বিশ্ববীণা’র শিক্ষক সিদ্দিকুর রহমান। এরপর তিন কবির স্মরণে প্রদীপ জ্বালান অতিথিরা।

উদীচী ঢাকা মহানগর সংসদের ভারপ্রাপ্ত সভাপতি নিবাস দের সভাপতিত্বে শুরু হয় আলোচনা পর্ব। এ পর্বে সুকান্ত ভট্টাচার্যের বিষয়ে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিমেল বরকত, কাজী নজরুল ইসলামের সাহিত্য-রচনা বিষয়ে আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসনে আরা, রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে পালাক্রমে চলে গান, কবিতা, নৃত্য ও নাটক। এদিন কাজী নজরুল ইসলাম রচিত নাটক ভূতের ভয়-এর প্রথম মঞ্চায়ন করে উদীচী ঢাকা মহানগর সংসদের নাটক বিভাগ।

 প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘নীলাখ্যান’

প্রতিষ্ঠার ৩৪ বছর পূর্তিতে আলোচনা সভা ও নাটক প্রদর্শনীর আয়োজন করেছে মহাকাল নাট্য সম্প্রদায়। গতকাল শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে বিকেলে শুরু হয় এ অনুষ্ঠান। আইনজীবী আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। দলের প্রয়াত সদস্যদের শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণা করেন দলপ্রধান মীর জাহিদ হাসান।

আলোচনার পরে প্রদর্শিত হয় দলের প্রযোজনা নীলাখ্যান। কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ গল্প অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ইউসুফ হাসান।

১৯৮৩ সালের ১৪ জুলাই দলটি প্রতিষ্ঠিত হয়।

 দেয়াল বদলাল জলরঙের জলযানগুলো

জলরঙের জলযানগুলোকে আগেও দেখা গিয়েছিল রাজধানীর একটি গ্যালারির দেয়ালে। অনেক দিন বাদে দেয়াল বদলাল সেগুলো। জলযান নির্মাণের প্রস্তুতি ও জলজীবনের প্রতি আকৃষ্ট তরুণ শিল্পী এরই মধ্যে এঁকে ফেলেছেন একই ঘরানার আরও কিছু ছবি। সেগুলো নিয়ে শুরু হয়েছে তরুণ চিত্রকর সুলতান ইসতিয়াকের তৃতীয় একক চিত্র প্রদর্শনী ‘ফিগারেশন অব কমপ্লেক্সিটি অ্যান্ড আরবান এক্সপ্লোরেশন’।

গতকাল বিকেলে প্রধান অতিথি হিসেবে ধানমন্ডির গ্যালারি চিত্রকে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। স্থপতি সামসুল ওয়ারেসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন গ্যালারির পরিচালক শিল্পী মুনিরুজ্জামান।

প্রদর্শনী চলবে ২৫ জুলাই পর্যন্ত।