সিটিব্যাংক এনএ বাংলাদেশ আয়োজন করেছে লুভা নাহিদ চৌধুরীর একক সংগীতানুষ্ঠান ‘মিউজিক্যাল সোয়ারি’। গুলশান ক্লাবে আয়োজিত আমন্ত্রিত অতিথিদের জন্য এ অনুষ্ঠানটি শুরু হবে আজ বিকেল পাঁচটায়। কথা হলো লুভা নাহিদ চৌধুরীর সঙ্গে।অনুষ্ঠানে কী ধরনের গান করবেন?আমি চর্চা করি উচ্চাঙ্গসংগীত। কিন্তু আজকের অনুষ্ঠানে তিন কবি অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গানই বেশি করব। সঙ্গে দিলীপ কুমার রায় ও কাজী নজরুল ইসলামের কিছু গান করার ইচ্ছা আছে। গানগুলো আলাদা করে বলতে চাইছি না। কিছু গান খুব চেনা, যাঁরা তিন কবির গান শোনেন—তাঁদের কাছে তো বটেই। তিন কবির গান নিয়ে গত বছর আমার দুটো অ্যালবাম বেরিয়েছে। সেখান থেকেও কিছু করব।আপনার দুটো অ্যালবাম হলো ‘সাধের মালাটি গেঁথেছি’ এবং ‘যখন তুমি গাওয়াও গান’। এরপর কী ভাবছেন?গানটা আমার নেশা। ওটা আমি শুধু নিজের জন্যই চর্চা করি। বরকত হোসেনের সঙ্গে নিয়মিত বসছি। তিনি যেভাবে দেখাচ্ছেন, সেভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করছি। কিন্তু পেশাগত কাজের চাপে অ্যালবাম করার চিন্তাটা আলাদা করে মাথায় আসে না। তিন কবির গানের ব্যাপারে আগ্রহী হওয়ার কারণ কী?আগ্রহটা আসলে অনেক আগে থেকেই আছে। গানগুলোর মধ্যে অন্য রকম এক আকর্ষণ রয়েছে। এই গানগুলো গাওয়ার সময় নিজের থেকে কিছু দেওয়ার সুযোগ থাকে। আপনি তো বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক। সামনে এখান থেকে শ্রোতারা কি পেতে যাচ্ছে?ইফ্ফাত আরা দেওয়ান, অদিতি মহসীন ও নন্দিতা ইয়াসমিনের নতুন অ্যালবাম আসছে। ওয়াহিদুল হকের ওপর বেঙ্গল ফাউন্ডেশন তৈরি করেছে তথ্যচিত্র অন্তরে আছো চিরদিন। ওয়াহিদুল হকের প্রয়াণ দিবস উপলক্ষে এই তথ্যচিত্রের ডিভিডিটি এ মাসেই ছাড়া হচ্ছে। বেঙ্গল ফাউন্ডেশনের শিল্পীদের গানের মিউজিক ভিডিও নিয়ে টিভির জন্য তৈরি হয়েছিল অনুষ্ঠান সুরের কথন। ফেব্রুয়ারিতে পাঁচটি ডিভিডিতে পাওয়া যাবে পুরো অনুষ্ঠানটি। বিনোদন প্রতিবেদক