তিন গুণীকে স্মরণ করল বাংলা একাডেমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক কামাল লোহানী বলেছেন, বৈরী পরিস্থিতিতে অজিত রায় ও বিলকিস নাসিরউদ্দিন রবীন্দ্রনাথকে ধারণ করে বাঙালি জাতিসত্তাকে এগিয়ে নিয়ে গেছেন। মৃদুলকান্তি চক্রবর্তী সংগীতকে জীবনের সমার্থক করে নিয়েছিলেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমীর সেমিনারকক্ষে সংগীতশিল্পী বিলকিস নাসিরউদ্দিন, অজিত রায় ও মৃদুলকান্তি চক্রবর্তীর স্মরণে আয়োজিত সভায় কামাল লোহানী এ কথা বলেন। তিনি বলেন, প্রয়াত এই সংগীতগুণীদের জন্য তাৎক্ষণিক শোক প্রকাশেই দায়িত্ব শেষ না করে তাঁদের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করা প্রয়োজন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন। সভাপতিত্ব করেন ছায়ানটের অধ্যক্ষ সন্জীদা খাতুন।সন্জীদা খাতুন বলেন, বিলকিস নাসিরউদ্দিন এক অনন্য রবীন্দ্রসংগীত শিল্পী ছিলেন। কখনো পাদপ্রদীপের সামনে আসেননি, নিভৃতে থেকে বিশুদ্ধ শিল্পের সাধনা করেছেন। মুক্তিযুদ্ধেও তাঁর সাহসী ভূমিকা ছিল। সন্জীদা খাতুন বলেন, অজিত রায়ের সুরের ধারা কখনো ফুরিয়ে যাওয়ার নয়। প্রাতিষ্ঠানিকভাবে মৃদুলকান্তি চক্রবর্তী সংগীত শিক্ষার ক্ষেত্রে যে অবদান রেখেছেন, তা খুবই তাৎপর্যপূর্ণ। এই শিল্পীত্রয় তাঁদের অনন্য কর্মের মাধ্যমে বাঙালির হূদয়ে চিরজাগরূক হয়ে থাকবেন।সূচনা বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, ‘খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা তিনজন গুণী সংগীত-ব্যক্তিত্বকে হারিয়েছি। সংগীত সাধনার পাশাপাশি এই তিন মহৎ ব্যক্তি দেশের স্বাধীনতা সংগ্রামের নিরলস কর্মী ছিলেন। অজিত রায় রবীন্দ্রসংগীতকে শুধু গান হিসেবেই দেখতেন না, বরং রবীন্দ্রসংগীতকে অস্তিত্বের অংশ ভাবতেন। একপর্যায়ে তা প্রতিরোধের হাতিয়ার হয়ে ওঠে। অন্যদিকে বিলকিস নাসিরউদ্দিন বাঙালি মুসলমানের রবীন্দ্রসংগীত দীক্ষার নেপথ্যে কাজ করেছেন।’ শামসুজ্জামান খান আরও বলেন, অকালপ্রয়াত মৃদুলকান্তি চক্রবর্তী সংগীত গবেষণায় মূল্যবান অবদান রেখে গেছেন।সারওয়ার আলী বলেন, বর্তমান বাস্তবতায় মানুষ সংস্কৃতির সঙ্গে বিনোদনকে গুলিয়ে ফেলে। প্রয়াত এই তিনজন বিশিষ্ট সংগীত-ব্যক্তিত্ব সংস্কৃতির প্রকৃত ধারক ছিলেন। সংগীতকে তাঁরা প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করেছেন; গ্রহণ করেছেন জীবনের ব্রত হিসেবে।‘সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা’ অনুষ্ঠানফরিদপুর অফিস জানায়, গতকাল বৃহস্পতিবার ফরিদপুরে ‘সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা’ শীর্ষক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুরের সংগীত আচার্য গুরু করুণাময় অধিকারীর ৭৯তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে শহরের চারটি সাংস্কৃতিক সংগঠন—হিন্দোল সংগীত একাডেমি, ফুলকি, অগ্নিবীণা ও বঙ্গবন্ধু শিশুনিকেতন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।ফরিদপুর শহরের গোয়ালচামটের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রদীপ প্রজ্বলন, মিষ্টিমুখ, মাল্যদান, আলোচনা সভা, আবৃত্তি, একক ও সম্মেলক গান ও নাচ।বিকেল পাঁচটায় ‘শোনাও তোমার অমৃত বাণী, অধমেরে ডাকি চরণে আমি’—সম্মেলক এই গানের সঙ্গে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের সময় মঞ্চে উপস্থিত শিল্পীরা সম্মেলক কণ্ঠে গেয়ে ওঠেন ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। এরপর একে একে ‘সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা’ ও ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’ গানগুলো পরিবেশন করা হয়।কুমিল্লায় খেলাঘরের ৬০ বছর পালননিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লায় শিশু জাগরণ যাত্রার সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন হয়। খেলাঘরের ৬০ বছর পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠান হয়। নগরের বীরচন্দ্র নগর মিলনায়তনে ওই উৎসব বিকেল চারটায় শুরু হয়। খেলাঘর শিশু জাগরণ যাত্রার চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক রেজাউল আহসান।