তিন গুণীজনের ট্রাস্টের অভিযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদা খাতুন সিদ্দিকা, আবদুল আহাদ ও হামিদা খানম স্মৃতি পরিষদের আনুষ্ঠানিক অভিযাত্রা অনুষ্ঠানে আবদুল আহাদের সিডি (বাঁ থেকে) ফেরদৌসী রহমান, কাজী মদিনা, উত্তরা চক্রবর্তী, করুণাময় গোস্বামী, জিল্লুর রহমান সিদ্দিকী ও লতিফা আকন্দ । ছবি: প্রথম আলো
মাহমুদা খাতুন সিদ্দিকা, আবদুল আহাদ ও হামিদা খানম স্মৃতি পরিষদের আনুষ্ঠানিক অভিযাত্রা অনুষ্ঠানে আবদুল আহাদের সিডি (বাঁ থেকে) ফেরদৌসী রহমান, কাজী মদিনা, উত্তরা চক্রবর্তী, করুণাময় গোস্বামী, জিল্লুর রহমান সিদ্দিকী ও লতিফা আকন্দ । ছবি: প্রথম আলো

শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি জগতের তিন স্মরণীয় ব্যক্তি কবি ও সমাজকর্মী মাহমুদা খাতুন সিদ্দিকা, সংগীতজ্ঞ আবদুল আহাদ ও শিক্ষাবিদ হামিদা খানম। তাঁদের স্মৃতি রক্ষায় এগিয়ে এসেছে এই তিনজনের নামে গঠিত স্মৃতি পরিষদ।
গতকাল শনিবার ‘মাহমুদা খাতুন সিদ্দিকা, আবদুল আহাদ ও হামিদা খানম স্মৃতি পরিষদ’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আবদুল আহাদ ও হামিদা খানম ভাইবোন। অন্যজন তাঁদের খালা। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত পরিষদের অভিযাত্রা অনুষ্ঠানে শিক্ষাবিদ, কবি, গবেষকসহ সমাজের গুণীজনদের উপস্থিতি ভিন্নমাত্রা এনে দেয়। পরিষদের পক্ষ থেকে মাহমুদা খাতুন সিদ্দিকার নির্বাচিত কবিতা সংকলন প্রকশিত হয়েছে। এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, ‘পরিষদটি শুধু নামেই হয়নি, কিছু ভালো কাজও করেছে। যে যে কাজই করুক না কেন, সংস্কৃতির দিক থেকে দায়িত্ব থাকে সে কাজগুলো যেন হারিয়ে না যায়। পরিষদের পক্ষ থেকে সে কাজটিই করা হচ্ছে।’
কলকাতার অধ্যাপক উত্তরা চক্রবর্তী ‘শিক্ষাবিদ হামিদা খানম স্মারক বক্তৃতা’ দেন। তিনি হামিদা খানমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা খানমের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা করেন সমাজকর্মী লতিফা আকন্দ।
সুরকার, প্রশিক্ষক, সংগীত পরিচালক, গায়ক আবদুল আহাদের জীবদ্দশায় কোনো গানের সংকলন বা সিডি প্রকাশিত হয়নি। বাংলাদেশ বেতারের আর্কাইভস থেকে তাঁর গাওয়া ১০টি রবীন্দ্রসংগীত খুঁজে পাওয়া গেছে। এ গানগুলো নিয়েই পরিষদ সিডি প্রকাশ করেছে। এ সিডির মোড়ক উন্মোচন করেন শিল্পী ফেরদৌসী রহমান। সভাপতিত্ব করেন করুণাময় গোস্বামী। স্বাগত বক্তব্য দেন নিশাত জাহান।