তিন টেক্কা
>শীর্ষ তিন অভিনেত্রী তাঁরা। এবার ঈদে মুক্তি পেয়েছে তিনজনেরই ছবি। আরেক দফা পরিচিত হোন অপু বিশ্বাস, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিমের সঙ্গে। লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী

উড়ছেন অপু

রূপের অহমিকা। বিদেশি ডিগ্রির ঝাঁজ। প্রভাবশালী বাবার জোর। সব মিলিয়ে মনিকা মেয়েটা যেন ‘আগুনের গোলা’। লাভ ম্যারেজ ছবিতে অপু বিশ্বাসের চরিত্র এমনই। অপু-শাকিবের চেনা রসায়নে আবারও মিলেছে সাফল্য। ঢাকার অভিজাত মাল্টিপ্লেক্স নয়, সমগ্র বাংলাদেশের হিসেবে এগিয়ে লাভ ম্যারেজ। বাড়তি ওজন ঝরিয়ে অপু বিশ্বাস নিজেকে বদলে ফেলেছিলেন। সেই বদলের চমকই আরও একবার দেখল বাংলাদেশের সিনেমা দর্শক। আর তারই সুবাদে অপু-শাকিব জুটির আবারও অসাধারণ এক ফিরে আসা। ‘পুরান ঢাকাইয়া’ রূপে শাকিবের বাজিমাত। অপু বিশ্বাসে আবারও আস্থা জনতার। শাহিন সুমনের লাভ ম্যারেজ অপু বিশ্বাসকে এই ঈদে আবারও ফিরিয়ে দিয়েছে তাঁর আগের আসনে। আর সেই ফিরে আসার খুশিতেই উড়ছেন অপু!

চির বসন্তের ফুল
রূপে অতুলনীয়া। নাচে-গানে লা জওয়াব! রূপের মোহে, কিন্নর কণ্ঠের জাদুতে ঘায়েল ছেলে-বুড়ো সবাই। নাম তার ফুলেশ্বরী। তঁার নিজের ভাষায়, ‘আমি চির বসন্তের ফুল। তাই আমার নাম ফুলেশ্বরী।’
গানের জলসায় লোভাতুর সব চোখ দেখে অভ্যস্ত বাইজি ফুলেশ্বরী। একদিন এক তরুণ কবির চোখে ‘অন্য কিছু’ দেখতে পেয়ে ফুলেশ্বরী তার প্রেমে পড়ে যায়। রিজওয়ান (ইমন) নামের সেই কবির হাত ধরে বাইজি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার স্বপ্ন দেখে ফুলেশ্বরী। কিন্তু ঘুণে ধরা সমাজ কি মেনে নেবে এক বাইজির এমন সৌভাগ্য? লম্পট লোকটাও যে পিছু ছাড়ছে না ফুলেশ্বরীর।

উপমহাদেশের ছবিতে বাইজি বললে সবার আগে যার ছবি চোখে ভাসে। সে চন্দ্রমুখী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অসামান্য চরিত্র এমনকি জয় করেছে বলিউডও। বাইজি চরিত্র করতে গিয়ে চন্দ্রমুখী একটুও ছায়া ফেলেনি ফুলেশ্বরীর ওপরে? অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলছেন, ‘না।’
‘এটা আমার খুব মনের মতো একটা চরিত্র। ফুলেশ্বরীকে আমি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছি। অনেক সাধনা আর কষ্টের পর আমি ফুলেশ্বরীকে নিজের মাঝে পেয়েছি। এই ছবি পুরোটা মিলেই আমার কাছে জীবনের শ্রেষ্ঠ এক অভিজ্ঞতা।’ মন্তব্য মিমের।
তন্ময় তানসেন পরিচালিত এ ছবির প্রচারণায় মিম ও ইমন গেছেন দর্শকদের মাঝে।
ময়মনসিংহে গিয়ে দেখেছেন হলের ভেতরে জায়গা না হওয়ায় বৃষ্টির মাঝে বাইরে অপেক্ষমাণ ব্যাকুল দর্শকদের ভিড়। সব মিলিয়ে পদ্ম পাতার জল মিমের কাছে অসাধারণ এক অভিজ্ঞতা।
ছোট থেকে বড় পর্দায় নিজের অবস্থান জানান দিয়েছেন আগেই। পদ্ম পাতার জল দিয়ে নিজের অবস্থান বড় পর্দায় আরও সংহত করলেন মিম।
শুধু নায়িকা হিসেবে নয়। কঠিনতম চরিত্রে নির্ভরযোগ্য এক অভিনেত্রী হিসেবেও।

ভয়ংকর অগ্নি
পায়ে বুট, হাতে অত্যাধুনিক অস্ত্র। পাজির পা ঝাড়াদের যম। সে দুরন্ত, দুর্ধর্ষ। চোখে তার প্রতিশোধের নেশা। বুকের মধ্যে আগুন। প্রিয়জন হত্যার বদলা নিতে সে মরিয়া। ছুটছে দুনিয়ার এ মাথা থেকে ও মাথা। হন্তারকদের উদ্দেশে তার কলিজা ঠান্ডা করা হুঁশিয়ারি, ‘অগ্নি তোকে ধ্বংস করে দেবে ধ্বংস!’
প্রথম কিস্তির পর এবার ঈদে মুক্তি পেয়েছে মাহি অভিনীত অগ্নি-২। ধুন্ধুমার অ্যাকশনে আবারও মাতিয়ে দিলেন মাহি। মাহির ভয়ংকর রুপ দেখে তাঁর রোমান্টিক ছবির ভক্তদের কলজে কেঁপে গেলে দোষ নেই। অবশ্য মাহি বলছেন, ‘না না আমি আসলে কিন্তু মোটেও ওরকম না। আমি হাসিখুশি একটা মেয়ে। খুব কম কথা বলে আর চুপচাপ, এরকম মারদাঙ্গা কোনো চরিত্র করতে গিয়ে একটু কষ্টই লাগে আমার।’

মাহি-ভক্তরা আলবত জানেন, দুরন্ত অ্যাকশন অথবা দারুণ রোমান্টিক। সব চরিত্রেই মাহি দারুণ ফিট।
অগ্নি-২ তে অভিনয় করতে গিয়ে কঠিন সব পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।
‘সুইমিংপুলের পানি থেকে লাফিয়ে উঠে আসার দৃশ্যটা বলি। ওটা করতে গিয়ে জীবন বেরিয়ে গেছে আমার। পায়ে বুট। গায়ে জ্যাকেট। সব ঠিকঠাক হওয়ার পর আমার ওজন দাঁড়িয়ে গেল পাক্কা ৮০ কেজি। এই অবস্থায় নড়াচড়াই তো মুশকিল। তার ওপর হাত-পা চালিয়ে যাওয়া। পরিচালক ইফতেকার চৌধুরীকে এসব ম্যানেজ করার কৃতিত্বটা দিতে হবে।’
আর ৪০ তলা ভবন থেকে পড়ে যাওয়ার যে দৃশ্যটা ছিল সেটা?
‘ক্যামেরাম্যানও ওপর থেকে সাঁই সাঁই করে নামছিল, আমিও দড়ি বেয়ে নামছিলাম। সব মিলিয়ে খুব কঠিন ব্যাপার।’ বলছিলেন মাহি।
ততক্ষণে মাহির গাড়ি পৌঁছে গেছে বিমানবন্দরের কাছাকাছি। আর বেশি কথা বলার সময় নেই। বিমানে ওঠার আগে মাহি অবশ্য তাঁর ঈদের ছবির সাফল্যের জন্য ভক্তদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। ‘আমি ভালো লাগে বলে ছবি করি। একটা কাজ যখন ইচ্ছা হয় করে ফেলি। আর দর্শকদের অশেষ মেহেরবানি যে তাঁরা আমার কাজগুলো দেখেন।’ মাহির মহা বিনয়!