তিন তরুণ বানাবেন স্বপ্নের ছবি

মেরিল-প্রথম আলোর ‘আগামীর নির্মাতা’ আয়োজনে বিজয়ী হয়েছেন তিন তরুণ নির্মাতা। দর্শকদের ভোট ও বিচারকদের রায়ে শীর্ষ তরুণ তিন নির্মাতা হিসেবে নির্বাচিত হয়েছেন তাসমিয়াহ্ আফরিন, লস্কর নিয়াজ মাহমুদ ও তানভীর আহম্মদ চৌধুরী। তিনজন পাবেন তাঁদের স্বপ্নের চলচ্চিত্র বানানোর সুযোগ।
২৬ এপ্রিল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮-এর অনুষ্ঠানে বিজয়ী নির্মাতাদের নাম ঘোষণা করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় স্মারক। তিনজনের মধ্যে একজন তাসমিয়াহ্ আফরিন পেয়েছেন কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ ‘মার্শ দ্যু ফিল্ম’-এ অংশগ্রহণের সুযোগ। তাসমিয়াহ্ বলেন, ‘আমার মূল আগ্রহের জায়গা ছিল ছবি বানানোর সুযোগ পাওয়া। যেহেতু আমি ছবিটাই বানাতে চাই, তাই এই পূর্ণদৈর্ঘ্য একটি ছবি বানানোর সুযোগ পাওয়াটা ছিল আসল।’
আরেক বিজয়ী তানভীর আহম্মদও একই কথা বললেন। তিনি বলেন, ‘আমি যে গল্পটা বলতে চাই, আমি অনেক দিন ধরেই এর জন্য অর্থ জোগাড়ের চেষ্টা করছি। প্রথম আলো দেখে আমার মনে হয়েছে, এই গল্প নিয়ে তারা ছবি তৈরির সুযোগ দেবে। এটাই মূল বিষয়। আমি লেখক ছিলাম। এবার মনে হয় পেশাটা পাল্টে যাবে।’
লস্কর নিয়াজ মাহমুদ বলেন, ‘বেশ অন্য রকম লাগছে। আর এখান থেকে পরবর্তীকালে একটি ছবি তৈরির সুযোগ পাব। এটা হচ্ছে বড় প্রাপ্তি। ছবি করার মধ্যেই থাকতে চাই।’
মেরিল-প্রথম আলোর প্ল্যাটফর্ম ‘ফেইম ফ্যাক্টরি’ থেকে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘আগামীর নির্মাতা’। সেখান থেকেই তরুণ নির্মাতাদের খুঁজে বের করার এই আয়োজন করা হলো। অনূর্ধ্ব ৪০ বছরের তরুণেরা যাঁরা টিভি, ইউটিউব, ফেসবুকসহ যেকোনো মাধ্যমের জন্য ফিকশন কিংবা নন-ফিকশন ভিডিও কনটেন্ট তৈরি করেছেন, তিনি এ প্রতিযোগিতায় আবেদন করতে পেরেছিলেন। অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ১০০ তরুণ নির্মাতাকে বেছে নেওয়া হয়। তাঁদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি কর্মশালা। ১০০ জন থেকে প্রথমে ৫০, পরে ৫০ থেকে ১০ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। তাঁরা ‘ফেইম ফ্যাক্টরি’র পৃষ্ঠপোষকতায় একটি করে মোট ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর সুযোগ পান। এতে অর্থ সহযোগিতা করে মেরিল ও প্রথম আলো। এরপর ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে বিচারকদের রায় ও দর্শকদের ভোটে বেছে নেওয়া হয় সেরা তিন নির্মাতাকে। এই আয়োজনে বিচারক ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরী ও রুবাইয়াত হোসেন।