তিন তারকার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে শুরু হয়েছিল আমজাদ হোসেনের গোলাপী এখন বিলাতে চলচ্চিত্রের কাজ। অবশেষে ছবিটি মুক্তির মুখ দেখতে যাচ্ছে ২৯ জানুয়ারি। চারটি প্রধান চরিত্রের ওপর ছবির গল্প এগিয়েছে। চরিত্রগুলোতে অভিনয় করেছেন মৌসুমী, শাবনূর, ফেরদৌস এবং বলিউডের অভিনেতা মিঠুন চক্রবর্তী। এ ছবি নিয়ে তাঁদের অভিজ্ঞতার কথা উঠে এসেছে এ দুটি প্রতিবেদনে।গোলাপীরূপী মৌসুমী অপেক্ষায় দিন, মাস গোনে। বছর যায়। কিন্তু তাঁর ভালোবাসার মানুষ আর ফিরে আসে না। বিলাতে (যুক্তরাজ্য) গিয়ে ভালোবাসার মানুষ (মিঠুন চক্রবর্তী) কি ভুলে গেছে তাকে?ওদিকে বিলাতে গিয়ে জীবিকার কারণে গোলাপীর ভালোবাসার মানুষটি বিয়ে করে অন্য একটি মেয়েকে।একদিন তিনি মায়ের মৃত্যুর খবর পেলেন। দেশে এসে দেখা পেলেন গোলাপীর। একি হাল হয়েছে গোলাপীর! বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। গোলাপীকে নিয়ে মিঠুন চলে যায় বিলাতে।মিঠুনের মেয়ে শাবনূর। বিলাতেই বড় হয়েছে। শাবনূরের ছেলেবন্ধু ফেরদৌস। বিলাতের পরিবেশে শুরু হয় গোলাপীর নতুন জীবন।এমনই এক গল্প নিয়ে আমজাদ হোসেন নির্মাণ করেছেন গোলাপী এখন বিলাতে। ২৯ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।এ ছবির প্রসঙ্গ ধরেই কথা হয় মৌসুমী, ফেরদৌস ও শাবনূরের সঙ্গে।‘এটি অবশ্যই আমার অভিনয়জীবনের এক বিরাট পাওয়া। মিঠুন চক্রবর্তীর নায়িকা হয়ে কাজ করব—এটা তো কখনোই ভাবিনি। হয়তো ভাগ্যে ছিল বলেই এমন একটি বিরল সুযোগ হয়েছিল আমার।’ বলছিলেন মৌসুমী।শাবনূর বললেন, ‘ছোটবেলায় আমার কাছে শ্রীদেবী আর মিঠুনের জুটি ছিল অসম্ভব প্রিয়। ভিসিয়ারে (ভিডিও ক্যাসেট প্লেয়ার) তাঁদের অসংখ্য ছবি দেখেছি। সেই মিঠুনের সঙ্গে কাজ করার আনন্দটা তাই ছিল অন্য রকম। আমি তাঁকে এ কথা বলেছিও। তিনি আমাকে বলেছেন, তুই হচ্ছিস আমার শ্রীদেবী।’কলকাতার ছবিতে অভিনয় করার সুবাদে মিঠুন চক্রবর্তীর সঙ্গে একই ছবিতে কাজ করার সুযোগ অনেক আগেই হয়েছে ফেরদৌসের। বললেন, ‘দাদা বরাবরই আমার কাছে একজন মডেল। তাঁর কাছ থেকে গল্প শোনার জন্য সব সময় উত্সাহী হয়ে থাকি।’গোলাপী এখন বিলাতে ছবিটির বেশির ভাগ কাজ হয়েছে বিলাতে। সেখানে কাজ করতে গিয়ে নানা রকম ঘটনাই ঘটেছে। সেসব শোনা যাক শিল্পীদের কাছ থেকেই।‘লন্ডনে শুটিং করতে হলে প্রতিটি স্থানের জন্য অনুমতি নিতে হয়। দেখা গেল, অনুমতি আনতে গিয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। একটি শট নেওয়া হলো, এরপর আর কাজ করা যাবে না। কারণ রাস্তায় ওরা আলো জ্বালাতে দেবে না। পরদিন আবার শুটিং করতে অনুমতি লাগবে। অনুমতি মিলল, কিন্তু সিকিউরিটি পাওয়া যাচ্ছে না। শুটিং করা যাবে না। মেকআপ নিয়ে বসে থাকলাম। বিকেলে পুলিশ এল। এভাবেই কাজ শেষ করতে হয়েছে আমাদের।’ বললেন মৌসুমী।লন্ডনে শুটিং করতে গিয়ে পুরো শুটিং ইউনিটকে নিয়ে মিঠুন ছিলেন মেতে। ‘কাজ শেষ হলেই দাদা তাঁর কটেজে ডাকতেন, গল্প করতেন। একদিন জানলাম সকালের দিকে কোনো কাজ নেই। মিঠুন দাদা আমাকে, মৌসুমী আপু এবং ফেরদৌসকে ডাকলেন। নিজেই বাজার করে আনালেন। এরপর দাদা নিজ হাতে রান্না করলেন। আমি আর মৌসুমী আপু ডাল রান্না করলাম। তারপর মধ্যাহ্নভোজ। দাদাকে খুবই মিস করি।’ বলছিলেন শাবনূর।শুটিং করতে গিয়ে প্রতিকূল অবস্থায় বা মানুষের বিড়ম্বনায় পড়তে হয় হরহামেশা। বিদেশে গিয়েও রক্ষা হয়নি এদের। ফেরদৌস বললেন, ‘চমত্কার একটি লোকেশনে গেলাম কাজ করতে। হঠাত্ প্রবাসী বাঙালিদের আগমন ঘটল। তারা এতটাই উত্সাহী হয়ে উঠল যে বারবার শুটিং জোনে ঢুকে যেতে শুরু করল। কোনো বাধাও শুনবে না তারা। এক কথা, দুই কথায়, ওখানকার পুলিশ হঠাত্ই লাঠিপেটা করল বাঙালিদের। ব্যস, শুরু হলো হুলস্থুল কাণ্ড। উপায় না দেখে শুটিং বাদ দিয়ে সবাই মিলে চলে এলাম সেখান থেকে।’তাঁদের তিনজনের কাছেই জানতে চাওয়া হয়েছিল গোলাপী এখন বিলাতে ছবিটি সম্পর্কে।ফেরদৌস জানালেন, তিনি বিভিন্ন ধরনের গল্পের ছবিতে অভিনয় করেছেন, কিন্তু এ ছবির গল্পটি তাঁর কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে। শাবনূর বললেন, ‘আমি তো বলব, মৌসুমী আপু অনেক লাকি, তাই গোলাপীর মতো একটি চরিত্র পেয়েছেন তিনি। আর আমিও ভাগ্যবতীদের একজন যে এই ছবিতে অভিনয় করতে পেরেছি।’গোলাপী অর্থাত্ মৌসুমীর কাছে এখনো স্বপ্নের মতোই মনে হয় গোলাপীকে। ‘একজন গোলাপী হওয়া অনেক কঠিন কাজ। আমি সেই কঠিন কাজটি করার চেষ্টা করেছি। আমজাদ হোসেন সহায়তা করেছেন। বাকিটা দর্শকদের বিবেচনায় ছেড়ে দিচ্ছি। তবে প্রথম দিন প্রথম প্রদর্শনীতে আমি নিজেই যাব গোলাপীকে দেখতে।’