তিন তারকার 'কেউ কথা রাখেনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কেউ কথা রাখেনি’ ছবির চার অভিনয়শিল্পী ইমন, আঁচল ও জাহিদ খান
‘কেউ কথা রাখেনি’ ছবির চার অভিনয়শিল্পী ইমন, আঁচল ও জাহিদ খান

ইমন, আঁচল ও নবাগত জাহিদ খানকে নিয়ে এবার নতুন ছবির শুটিং করতে যাচ্ছেন পরিচালক শাহীন-সুমন। ছবির নাম ‘কেউ কথা রাখেনি’। আগামী মাসে মালয়েশিয়ায় ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক। গতকাল শুক্রবার রাজধানীর মগবাজারের শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এতে ছবিটির কলাকুশলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ইমন বলেন, ‘অনেক দিন পর নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম। “কেউ কথা রাখেনি” ছবির গল্পটা ভালো লাগাতেই কাজটি করতে রাজি হয়েছি।’

ইমন এ-ও বলেন, ‘এর আগে অনেকের সঙ্গে আমি ছবিতে অভিনয় করেছি। এবারই আমার সঙ্গে ছবিতে অভিনয় করবে আঁচল। আশা করছি, আমার অন্য ছবিগুলোর মতো এটিও সবার কাছে বেশ ভালো লাগবে।’

জাহিদ খান বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকি। সেখানে র্যাম্প ও টিভি বিজ্ঞাপনে কাজ করেছি। চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা দীর্ঘদিনের। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি অনেক খুশি শাহীন-সুমন ভাইয়ের মতো নামকরা পরিচালকের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

পরিচালক শাহীন বলেন, ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে।

ডিসকভার মিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক হলেন মোহাম্মদ মাহবুব হাসান।