তিন থিয়েটার
থিয়েটারের নাটক মানেই ঢাকার মঞ্চের দর্শকের মধ্যে অন্য রকমের উন্মাদনা। প্রতিষ্ঠার পর থেকেই দলটি একের পর এক সাড়া জাগানো নাটক দিয়ে ঢাকার মঞ্চে ঝড় তোলে। সেই সময় থিয়েটারের নাটকে মুক্তিযুদ্ধ আর মৌলবাদবিরোধী কাহিনি চমৎকারভাবে ওঠে আসে। সারা দেশে এই আওয়াজ ছড়িয়ে যায়। শুধু ঢাকায়ই নয়, ঢাকার বাইরেও সমানতালে দলটি নাটক পরিবেশন করতে থাকে। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় ১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি দলটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কবির চৌধুরী আর সাধারণ সম্পাদক রামেন্দু মজুমদার। সদস্য হিসেবে ছিলেন আবদুল্লাহ আল-মামুন, ফেরদৌসী মজুমদার, মোহাম্মদ জাকারিয়া, ইকবাল বাহার চৌধুরী, আহমেদ জামান চৌধুরী, ডলি ইব্রাহিম, তবিবুল ইসলাম বাবুসহ অনেকই। পরবর্তী সময় দলে এসে যোগ দেন মমতাজউদদীন আহমেদ, আরিফুল হক, গোলাম রব্বানী, কাজী তামান্নাসহ অনেকেই। দলের প্রথম প্রযোজনা হিসেবে রামেন্দু মজুমদারের নির্দেশনায় মঞ্চে আসে কবর নাটকটি। এরপর আবদুল্লাহ আল-মামুনের রচনা ও নির্দেশনায় মঞ্চে আসে সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, সেনাপতি, পায়ের আওয়াজ পাওয়া যায়সহ একাধিক সাড়া জাগানো নাটক। সে সময় আবদুল্লাহ আল-মামুনের রচনা ও নির্দেশিত নাটকগুলো মঞ্চনাটকে নতুন মাত্রা যোগ করে। বাংলাদেশের পরবর্তী সফল আন্দোলনগুলো, মৌলবাদীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে জেগে উঠতে থিয়েটারের সাড়া জাগানো নাটকগুলোও একটা ভূমিকা রেখেছে বলে মনে করে অনেক দর্শকই। এর পর ১৯৮২ সালে থিয়েটারের দুটি অংশ হয়ে যায়। আরিফুল হকের নেতৃত্বে একটি অংশ। সঙ্গে ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য তবিবুল ইসলাম বাবু, মমতাজউদদীন আহমেদ, কেরামত মওলা, গোলাম রব্বানী, কাজী তামান্নাসহ বেশ কয়েকজন। বের হয়ে তাঁরা থিয়েটার নামেই দল পরিচালনা করতে থাকেন। এই অংশটি দল থেকে বের হওয়ার সময় ওথেলো নাটকটি থিয়েটারের ব্যানারে মঞ্চস্থ হচ্ছিল। তবে এই অংশটি বেরিয়ে থিয়েটারের চলতি আরেকটি প্রযোজনা দুই বোন নাটকটি নিয়মিত মঞ্চায়ন শুরু করে। এরপর তাঁরা জমিদার দর্পণ নাটকটি প্রথম মঞ্চে আনে। আরিফুল হকের দলটি নিজেদের মূল থিয়েটার হিসেবে দাবি করেন। আদতে ব্যাপারটি কী? জানতে চাই প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রামেন্দু মজুমদারের কাছে। তিনি বলেন, ‘কেউ যদি দাবি করে তাহলে আমাদের কিছু বলার নেই। কেননা থিয়েটার যারা মিলে গঠন করলাম, তারা তো সবাই-ই আমরা একসঙ্গেই কাজ করে আসছি। শুধু একজন প্রতিষ্ঠাতা সদস্য তবিবুল ইসলাম বাবু ওই অংশের সঙ্গে চলে যায়। আর কেউ যদি বলে খুশি হয় হোক। কোনো সমস্যা নেই।’ এদিকে নব্বইয়ের দশকে এসে আবারও মূল অংশ থেকে আরেকটি দল খায়রুল আলম সবুজের নেতৃত্বে বের হয়ে যায়। সঙ্গে ছিলেন নরেশ ভুইয়া, হাফিজুর রহমান সুরুজ। এ অংশটিও থিয়েটার নামে তাঁদের অংশটিকে পরিচালিত করতে লাগলেন। সে সময় মূল অংশটি যুদ্ধ এবং যুদ্ধ নাটকটি মঞ্চায়ন করছিল। বের হয়ে আসা অংশটিও একই নাটক মঞ্চায়ন শুরু করল। তবে এ অংশের প্রথম প্রযোজনা ছিল রহমত আলীর নির্দেশনায় উজির ঘোড়ার গপ্প নাটকটি। তখন ঢাকার মঞ্চে তিন থিয়েটার হিসেবে তিনটি দল নাটক মঞ্চায়ন শুরু করে। একটা পর্যায়ে তিন থিয়েটার থেকে থিয়েটার বেইলি রোড, থিয়েটার আরামবাগ, থিয়েটার তোপখানা নামে পরিচিত হতে থাকে। মূলত দলগুলোর কার্যালয়ের অবস্থানের এলাকার নামেই থিয়েটারের নামের পাশে এলাকার নামটি যুক্ত হয়ে যায়। এভাবেই তিনটি থিয়েটার নাটক প্রদর্শন করতে থাকে। এ ব্যাপারে রামেন্দু মজুমদার বলেন, ‘একই নামে তো আর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন একাধিক দলের সদস্যপদ দিতে পারে না। ফেডারেশন থেকে বলা হলো, সদস্য হতে হলে নাম ভিন্ন হতে হবে। সে অনুযায়ী থিয়েটার নাটকটির সঙ্গে আরামবাগ, তোপখানা যুক্ত হয়ে যায়।’এদিকে থিয়েটার আরামবাগ নামে পরিচিতি পাওয়া দলটির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইকরাম রাজু বলেন, ‘আমরাই মূল থিয়েটার। কোনো “আরামবাগ” নয়। আমরাই “থিয়েটার”। কোর্ট থেকে রায়ও আমাদের পক্ষে আছে। আর এখন যদি অন্য কোনো অংশ মূল দল বলে দাবি করে, সেটা আমাদের ভাবার বিষয় নয়। কেননা সে সময় থিয়েটারের মূল কর্মীরাই আমাদের সঙ্গে ছিলেন।’অন্যদিকে থিয়েটার তোপখানা নামে পরিচিত থিয়েটারের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি খায়রুল আলম সবুজ বলেন, ‘যখন আমরা থিয়েটার থেকে আলাদা হয়ে যায়, তখন থিয়েটারে মোট ৪৫ জন কর্মী ছিলেন। কিন্তু আমার সঙ্গে ৩৩ জন বেরিয়ে আসে। মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর, আবদুল্লাহ আল-মামুনের দুই মেয়েও আমার সঙ্গে চলে আসেন। আমার সঙ্গে সংখ্যাগরিষ্ঠ কর্মী ছিলেন বলেই থিয়েটার নামেই দল পরিচালনার সিদ্ধান্ত নিই। পরবর্তী সময় সাংবাদিকেরাই তিন থিয়েটারকে চেনার সুবিধার জন্য তিন থিয়েটারের নামের সঙ্গে বেইলি রোড, আরামবাগ, তোপখানা লাগিয়ে দেন।’