তিন দিনব্যাপী কত্থক নৃত্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্ত্রীয় নৃত্যের অন্যতম জনপ্রিয় ধারা কত্থক নৃত্য। অভিব্যক্তির সঙ্গে নাচের মুদ্রার সমন্বয়ে গল্পচ্ছলে উপস্থাপিত ভারতীয় এ নৃত্যধারার নিরলস চর্চা করছেন অনেকেই। এ নৃত্যের অনুরাগীর সংখ্যাও বাড়ছে দিন দিন। সেই প্রেক্ষাপটে এ নৃত্যের সাধনায় সম্পৃক্তদের শৈল্পিক রূপ-মাধুর্য মেলে ধরা এবং তাদের উৎসাহিত করতে শুরু হলো তিন দিনব্যাপী কত্থক নৃত্য উৎসব। প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করেছে কত্থক নৃত্য সম্প্রদায়। গতকাল সোমবার পৌষের হিমেল সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে উৎসবের উদ্বোধন হয়। শুরুতেই মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করা হয়। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের পরিচালক সাজু আহমেদ। উৎসব উদ্বোধন করেন নৃত্য ব্যক্তিত্ব লায়লা হাসান। অনুষ্ঠানে নৃত্যগুরু সৈয়দ আবুল কালামকে দেওয়া হয় জীনাৎ জাহান স্মৃতি সম্মাননা পদক। বিশেষ অতিথির বক্তব্য দেন উচ্চাঙ্গসংগীতশিল্পী পরিষদের সাধারণ সম্পাদক রেজোয়ান আলী, শিল্পকলা একাডেমীর নৃত্য পরিচালক দীপা খন্দকার ও নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হীরু। আলোচনা শেষে শুরু হয় নৃত্য পরিবেশনা।কত্থক নৃত্যানুরাগীদের দারুণ ভিড় জমেছিল এ আয়োজনে। কত্থক নাচের নানা আঙ্গিকের পরিবেশনা মুগ্ধ করে নৃত্যপ্রেমী দর্শকদের। নূপুরের ঝংকারে অভিব্যক্তির সঙ্গে মুদ্রার মেলবন্ধনে পরিবেশিত হয় বন্দনা, চতুরঙ্গ, পানঘাট, মেঘমল্লিকা, তারানাসহ নানা আঙ্গিকের নাচ। এসব নাচ পরিবেশন করেন নৃত্যশিল্পী সাজু আহমেদ, ঐশী, রুহী, সুপর্ণা, বেনজীর, নির্ঝর, তুষ্টি, সাথী, নিঝুম প্রমুখ।