তিন দিনব্যাপী 'দেশ উত্সব'

দেশ টিভি যাত্রা শুরু করেছিল ২০০৯ সালের ২৬ মার্চ আর মাত্র তিন দিন পর পথচলার পাঁচ বছর পূর্ণ করতে যাচ্ছে চ্যানেলটি। পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী দেশ উত্সবের আয়োজন করেছে চ্যানেলটির কর্তৃপক্ষ। উত্সবের অংশ হিসেবে ২৬, ২৭ ও ২৮ মার্চ বর্ণাঢ্য নানা অনুষ্ঠান প্রচার করবে দেশ টিভি।
২৬ মার্চ সকাল আটটায় প্রচারিত হবে প্রখ্যাত বাঙালি চিত্রপরিচালক রাজেন তরফদার পরিচালিত ছবি ‘পালঙ্ক’। ক্ল্যাসিক এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উত্পল দত্ত, আনোয়ার হোসেন, রোজী সামাদ প্রমুখ। দেশ টিভির কর্মকর্তাদের নিয়ে গঠিত দেশ ব্যান্ড এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসা দেশবরেণ্য সংগীত শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ‘সিঁড়ি ঘরের গান’ সরাসরি প্রচারিত হবে সকাল সাড়ে ১০টা থেকে।

এ ছাড়া বেলা সাড়ে ১১টায় ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি। বিকেল পাঁচটায় প্রচারিত হবে তারকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘পিকনিক উইথ স্টারস’। সন্ধ্যা ছয়টায় থাকছে ফান-শো ‘হীরক রাজার সেকাল-একাল’। রাত সাতটা ৪৫ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ নাটক ‘খুঁজে বেড়াই তাকে’। আকরাম খান পরিচালিত নাটকটির প্রধান দুটি চরিত্রে রয়েছেন নায়লা আজাদ নূপুর ও আরমান পারভেজ মুরাদ। রাত নয়টা ৪৫ মিনিটে সরাসরি প্রচারিত হবে ‘গানের তানে দেশ উত্সব’। গান পরিবেশন করবেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন।

২৭ মার্চ বিকেল চারটায় প্রচারিত হবে টেলিছবি ‘জোছনাময়ী’। রেদওয়ান রনির রচনা ও পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিশা, নিলয়, শাহরিয়ার শুভ প্রমুখ। সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে প্রচারিত হবে স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘স্বাধীনতা ২৬ ও কিছু যোদ্ধা’। মাবরুর রশিদ বান্নার রচনা ও পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। রাত নয়টা ৪৫ মিনিটে গানের তানে দেশ উত্সবে গান গাইবেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী অনুপ ঘোষাল। সত্যজিত্ রায়ের ‘গুপি গাইন বাঘা বাইন’ ও ‘হীরক রাজার দেশে’ ছবিতে গান গেয়েছিলেন খ্যাতনামা এ শিল্পী। ২৬ মার্চ রাতে ঢাকায় আসছেন অনুপ ঘোষাল।
২৮ মার্চ বেলা তিনটায় ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে সরাসরি গান গাওয়ার পাশাপাশি টেলিফোনে দর্শক-শ্রোতাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী নাজমিন মিমি ও পলাশ। রাত সাতটা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘সম্পর্কের আড়ালে’। ইমরাউল রাফাতের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির প্রধান দুটি চরিত্রে রয়েছেন বিপাশা হায়াত ও তৌকির আহমেদ। রাত নয়টা ৪৫ মিনিটে ‘গানের তানে দেশ উত্সবে’ গান গাইবেন দেশের স্বনামধন্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।