তিন দিনে 'কৃশ ৩' -এর আয় ৭২ কোটি ৭০ লাখ রুপি

মুক্তির পরপরই সাড়া ফেলে দিয়েছে বছরের অন্যতম আলোচিত ছবি ‘কৃশ ৩’। মাত্র তিন দিনের মাথায় ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে ছবিটি আয় করেছে ৭২ কোটি ৭০ লাখ রুপি।
হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও ‘কৃশ ৩’ ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে। সুপারহিরোনির্ভর সায়েন্স ফিকশন ঘরানার ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। দিওয়ালি উত্সবের সময়টাতে ‘কৃশ ৩’ মুক্তি পাওয়ায় এর ব্যবসায়িক সাফল্য অনেকটাই বেড়ে গেছে। ভারতের সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কৃশ ৩’। পাশাপাশি ভারতের বাইরে প্রায় ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে ছবিটি।
‘কৃশ ৩’ মুক্তি পাওয়ার কথা ছিল ৪ নভেম্বর। কিন্তু দিওয়ালি উত্সব সামনে রেখে এর মুক্তির দিন এগিয়ে নেওয়া হয়। ছবিটি মুক্তি পায় ১ নভেম্বর শুক্রবার। প্রথম দিনেই ছবিটির ঝুলিতে জমা পড়ে ২৫ কোটি ২০ লাখ রুপি। দ্বিতীয় দিনে ছবিটি আয় করে ২৩ কোটি ২০ লাখ রুপি। আর তৃতীয় দিনে ছবিটি আয় করে ২৪ কোটি ৩০ লাখ রুপি। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
২০০৩ সালে নির্মিত ‘কয়ি মিল গ্যায়া’ ছবির তৃতীয় সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘কৃশ ৩’। বলিউডের প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা রাকেশ রোশন পরিচালিত ‘কৃশ ৩’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন হূতিক রোশন। ১০০ কোটি রুপি বাজেটের ছবিটি প্রযোজনার পাশাপাশি এর কাহিনিও লিখেছেন রাকেশ। যৌথভাবে এর চিত্রনাট্যও লিখেছেন তিনি। ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত, বিবেক ওবেরয় প্রমুখ।