তিন দিনের আন্তর্জাতিক কার্টুন উৎসব
ছোটদের জন্য বাংলাদেশ শিশু একাডেমীতে তিন দিনের আন্তর্জাতিক কার্টুন উৎসবের আয়োজন করেছে শিশু সংগঠন শিশু যোগাযোগ বাংলাদেশ (সিসিবি)। এ উৎসবের আয়োজন প্রসঙ্গে সংগঠনটির পরিচালক রবিউল ইসলাম বলেন, ‘ছোটদের কাছে কার্টুন ছবি খুবই প্রিয়। কিন্তু আমাদের এখানে ছোটদের জন্য কার্টুন কিংবা অ্যানিমেশন ছবি নিয়ে উৎসব সেভাবে দেখা যায় না। এবারের উৎসবে বাংলাদেশ ছাড়াও কয়েকটি দেশের শিক্ষামূলক কার্টুন ছবি দেখানোর ব্যবস্থা নিয়েছি। আমাদের দেশেও এখন কার্টুন ও অ্যানিমেশন ছবি তৈরি হচ্ছে। এগুলোকেও তো সামনে তুলে ধরতে হবে। এসব দিক বিবেচনা করেই আমরা এ উৎসবের আয়োজন করেছি।’রবিউল ইসলাম জানান, এবারই প্রথম তাঁরা এই উৎসবের আয়োজন করছেন। এবারের উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, নরওয়ে, জাপান, ইরান ও স্লোভাকিয়া।৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উৎসব চলবে। ছোটরা বিনা টিকিটে প্রদর্শনীগুলো উপভোগ করতে পারবে। তবে তাদের অভিভাবকদের ৩০ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হবে।