তিন দিনের শীতকালীন উচ্চাঙ্গ সংগীত সম্মেলন
ঢাকায় আজ থেকে শীতকালীন উচ্চাঙ্গসংগীত সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনের এই সম্মেলন আয়োজন করেছে শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠী। এই সংগঠনের সাধারণ সম্পাদক শফিউর রহমান জানান, ৩৭ বছর ধরে তাঁরা শুদ্ধ সংগীতের প্রসারের জন্য নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। প্রতি মাসেই আয়োজন করছেন শ্রোতার আসর। শাস্ত্রীয় সংগীতের শিল্পীরা এখানে গান ও বিভিন্ন বাদ্যযন্ত্র পরিবেশন করেন। আর এবার আয়োজন করা হচ্ছে ৪২তম শীতকালীন উচ্চাঙ্গ সংগীত সম্মেলন।তিনি আরও জানান, এ ধরনের আয়োজনে শিল্পীরা সাধারণত খেয়াল, ধ্রুপদ, তারানা কিংবা ধ্রুপদ পরিবেশন করেন। পাশাপাশি বাদ্যযন্ত্রের পরিবেশনাও থাকে। আজ বুধবার এবং কাল বৃহস্পতিবার অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, আর শুক্রবার সকাল আটটায়। শফিউর রহমান বললেন, ‘আগে আমরা বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করেছি। এখন ওখানে নির্মাণকাজ চলছে। তাই পান্থপথের শেল সেন্টারে নবম তলার মিলনায়তনে এই সম্মেলন আয়োজন করেছি। ঢাকার পাশাপাশি আমরা বিভিন্ন জেলার শিল্পীদেরও এখানে আমন্ত্রণ জানিয়েছি। এত দিন নিজেদের উদ্যোগেই এই অনুষ্ঠান আয়োজন করেছি। এবারই প্রথম ট্রাস্ট ব্যাংকের সহযোগিতা নিচ্ছি।’