তিন দেশে সামিনার গান
তিনটি দেশে গানের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। দেশ তিনটি হলো: কাতার, যুক্তরাষ্ট্র ও জার্মানি। এই তিন দেশে গানের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মাস খানেকের মতো দেশের বাইরে থাকবেন বলে জানিয়েছেন সামিনা।আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কাতারের উদ্দেশে ঢাকা ছাড়বেন সামিনা চৌধুরী। সেখানে ১২ এপ্রিল প্রবাসী বাঙালিদের আয়োজনে বাংলা নববর্ষের একটি অনুষ্ঠানে তিনি গান করবেন। কাতারের ওই অনুষ্ঠানে আরও গান করবেন হাবিব, ন্যান্সি, হূদয় খান প্রমুখ। কাতারের অনুষ্ঠানটি শেষ করে ১২ এপ্রিল রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবেন সামিনা চৌধুরী। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে তিনি একক শিল্পী হিসেবে গান করবেন বলে জানান সামিনা। যুক্তরাষ্ট্রে গানের অনুষ্ঠানটি শেষে সামিনা সরাসরি যাবেন জার্মানিতে। এ প্রসঙ্গে সামিনা বলেন, ‘জার্মানির ফ্রাঙ্কফুর্টে একটি অলাভজনক প্রতিষ্ঠানের আমন্ত্রণে গান করব। এতে আরও উপস্থিত থাকবেন ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং এস আই টুটুল। বাংলাদেশ ছাড়ার আগে সামিনা চৌধুরী প্রথম আলো ডটকমকে আরও বলেন, ‘কাতার ও যুক্তরাষ্ট্রে বেশ কবার যাওয়া হয়েছে। জার্মানিতে যাচ্ছি দ্বিতীয়বারের মতো। প্রবাসী বাঙালিদের আয়োজনে অনুষ্ঠানগুলোতে গান পরিবেশন শেষে তাড়াতাড়িই দেশে ফেরার কথা ভাবছি।’