তিন ধরনের শ্রোতায় পূর্ণ গানের আসর
কালো লুঙ্গি ও কালো পাঞ্জাবি। তেলে চুপচুপে বাবরি নেমে এসেছে কাঁধ অবধি। মাঝখানে সিঁথি করা। মুখভর্তি গোঁফদাড়ির ঘনবুনোট। তবে চুলদাড়িগোঁফ সাদা-কালোয় মেশানো। মাদারীপুরের পাগলা আবদুর রহমান বসে আছেন আমগাছের তলায়। গাছটি তাঁর মতো প্রবীণ নয়। অল্প কিছুদিন আগেই লাগানো। সবে মানুষের মাথা ছাড়িয়েছে। ডালপালাও সামান্য। সে কারণে ছায়া তেমন সুনিবিড় নয়। কালীগঙ্গার পশ্চিম পাড় দিয়ে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে এসব আম-কাঁঠালের গাছ। জনা পাঁচেক ভক্ত নিয়ে রহমান পাগলা কড়কড়ে রোদ থেকে রক্ষা পেতে এই ছায়াকেই সম্বল করে বসে ছিলেন।ভক্তরা খমক, একতারা বাজিয়ে গুনগুন করছে ‘মন তুই সহজে কি সই হবা’। গানের তালে তালে তিনি ডান হাতের তর্জনী দিয়ে হাঁটুতে তাল ঠুকছেন। গলায় তাঁর মালার লকেটের মতো ঝুলছে চকচকে পিতলের পাতের পাকপাঞ্জাতন, ইমাম হাসান-হোসেনের তরবারি, আকিক পাথর, রুদ্রাক্ষ, শীতলগোটা, চক্রমতির বেশ কয়েক ছড়া মালা। সামনে মাটিতে পুঁতে রাখা ওপরের অংশে বালা লাগানো লোহার শিক। বালার সঙ্গে বাঁধা আজমিরের লাল-হলুদ সুতো। পাগলা বাবার আসন এই মঞ্চ থেকে বেশ খানিকটা দূরে। গতকাল মঙ্গলবার দুপুরে যখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল, তখন এদিকটা তুলনামূলক নিরিবিলি। দুপুরের দিকে লালন সাঁইজির আখড়াবাড়িতে লোকসমাগম একটু কম থাকে। তা ছাড়া সোমবার তৃতীয় দিনের পর দূর-দূরান্ত থেকে আসা অনেক সাধুসন্তই ফিরতে শুরু করেছেন। রহমান পাগলা বললেন, তিনি পাঁচটা দিন থেকেই যাবেন। রোজ সকালে সাঁইজির চরণে ভক্তিবিনয় করে এখানে আমগাছের তলায় শিষ্যদের নিয়ে বসেন। মৃদু আওয়জে গানবাজনা চলতে থাকে। ধ্যানস্থ হয়ে থাকেন তাঁরা। ‘এত হইচইয়ের মধ্যে তাঁদের গান তো শোনাই যাচ্ছে না’ বলতেই অদ্ভুত এক নিঃশব্দ হাসি খেলে গেল তাঁর মুখমণ্ডলে। শোনালেন শ্রোতাদের নিয়ে কিছু তত্ত্বকথা।‘শ্রোতা আছে তিন ধরনের’ শুরু করলেন এই বলে। ‘কাক শ্রোতা’, ‘বক শ্রোতা’ ও ‘রাজহংস শ্রোতা’। কাকেরা যেমন কোনো বাছবিচার করে না, যা পায় তা-ই খায়, রাজ্যের সব জঞ্জাল নিয়ে এসে বাসা করে তার মধ্যে থাকে, কাক শ্রোতারাও ঠিক তেমনি। তাঁদের কোনো বাছবিচার নেই। গানের ভাবার্থ নিয়ে তাঁদের মোটেই ভাবনা-চিন্তা নেই। যা হোক কিছু একটা তাঁদের কর্ণকুহরে প্রবেশ করলেই তাঁরা খুশি। এই কাক শ্রোতার সংখ্যাই এখানে বেশি। আরেক ধরনের শ্রোতা আছেন, যাঁরা একটু গানের মর্ম বোঝার চেষ্টা করেন। একটু গভীরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তেমন ধৈর্য নেই, চিত্তের স্থিরতা নেই, মন চঞ্চল। সদাই এখানে-সেখানে ছোটাছুটি করেন, কিন্তু বাইরে ভাব দেখান যে খুবই মনোযোগ সহকারে তাঁরা শ্রবণ করছেন। এঁরাই হলেন ‘বক শ্রোতা’। বকের ধ্যানের মতো তাঁদের ধ্যানের স্বরূপ। কাক শ্রোতার চেয়ে বক শ্রোতার সংখ্যা কম। মূলত কাক শ্রোতা আর বক শ্রোতাতেই মাঠভর্তি।শ্রোতাদের মধ্যে সবচেয়ে মর্যাদার আসন রাজহংস শ্রোতাদের। প্রকৃত শ্রোতা তাঁরাই। রাজহংস যেমন কাদাপানির মধ্যে চলাচল করলেও তার গায়ে কোনো ময়লার স্পর্শ লাগে না, তেমনি যত হইহল্লাই হোক, পরিবেশ যেমনই হোক, গানের তত্ত্ব অনুধাবনে রাজহংস শ্রোতাদের কোনোই অসুবিধা হয় না। তাঁরা গানের সময় একাত্ম হয়ে যান গায়কের সঙ্গে। গানের তত্ত্ব তাঁদের অন্তর উদ্ভাসিত করে তোলে। তত্ত্বের সঙ্গে এমন করে তাঁদের অন্তর মিলে যায় যে তত্ত্ব আর চিত্তের কোনো আলাদা অবস্থা থাকে না। তরিকতপন্থী সাধকেরা একে বলেন ‘ফানাফিল্লাহ’ হয়ে যাওয়া। রাজহংস শ্রোতারা গান শ্রবণের মধ্য দিয়ে তত্ত্বের সঙ্গে ফানাফিল্লাহ হয়ে যান। এটাই তাঁদের সাধনার প্রক্রিয়া। এমন শ্রোতার সংখ্যা সংগত কারণেই অঙ্গুলিমেয়। পাগলা আবদুর রহমান জানালেন, তাঁদের খুঁজে পাওয়াটাও অত সহজ নয়। এদিকে, লালন সাঁইজির ১২০তম তিরোধান দিবসের পাঁচ দিনের অনুষ্ঠানমালার চতুর্থ দিন অতিবাহিত হয়েছে গতকাল মঙ্গলবার। সাধুদের অর্ধেকের বেশিই সাঁইজির চরণে বিদায়-ভক্তি নিবেদন করে মনে বিচ্ছেদের বেদনা নিয়ে আখড়াবাড়ি ছেড়ে গেছেন। মঞ্চের সামনের অংশটা তাই সারা দিন আধফাঁকা পড়ে ছিল। তবে, গত সোমবার তৃতীয় দিনেই দেখা গেছে, সবচেয়ে বেশি লোকসমাগম। বেলা গড়ানোর পর থেকে আখড়াবাড়িতে প্রবেশের দক্ষিণ দিকের দবির মোল্লার গেট থেকে পশ্চিমের মিলপাড়া গেট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা ছিল আক্ষরিক অর্থেই জনসমুদ্র। ঝকঝকে শুক্লপক্ষের জ্যোৎস্না রাত। আখড়াবাড়ির মাঠে লালন একাডেমির মঞ্চ ছাড়াও আশপাশে বেশ কয়েকটি ছোট ছোট মঞ্চে গভীর রাত পর্যন্ত গানবাজনা হয়েছে। এর মধ্যে স্থানীয় কয়েকটি বেসরকারি সংস্থাও (এনজিও) আয়োজন করে গানের আসর। তারা লালনের গানের পাশাপাশি ‘সাবান দিয়ে হাত ধোওয়া’, ‘নারীর প্রতি সহিংসতা রোধে’র আহ্বান জানানোসহ তাদের বিভিন্ন কর্মকাণ্ডেরও পরিচয় তুলে ধরে। এ রকম একটি বড় আয়োজন ছিল ‘জ্যোতি’ নামের স্থানীয় একটি সংস্থার। আখড়াবাড়ির উত্তর দিকে কালীগঙ্গা নদীর বাঁধের পাশে তারা মঞ্চ করে গানের আসর করে। সোমবার ছিল ‘দারিদ্র্য নিরসন দিবস’। অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক জ্যোতির কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস জানালেন, এখানে এত লোকসমাগম হচ্ছে; এই সুযোগ নিয়েই তাঁরা গানের আসরের মাধ্যমে দারিদ্র্য নিরসন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছেন। পরে এই মঞ্চে স্থানীয় লালনসংগীত-চর্চাকেন্দ্রের শিল্পীরা রাতভর শ্রোতাদের গান শুনিয়েছেন। সোমবার বিকেল থেকে গান হয়েছে গতকাল প্রায় ভোর হওয়ার আগ পর্যন্ত।গতকাল থেকে বাউলসাধুদের বিদায় নেওয়া শুরু হওয়ায় আয়োজনের যে বিশেষ আধ্যাত্মিক ভাব ছিল, দৃশ্যত তা আর নেই। এখন স্থানীয় লোকজন বিকেলে আসছেন। কোথাও যাওয়ার নেই, আখড়াবাড়িতে এলে গানবাজনা শুনে সময়টা অন্তত আনন্দে কাটে, স্রেফ সে জন্যই।