তিন নবাগতর 'আইসক্রিম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসক্রিম ছবির শিল্পীরা
আইসক্রিম ছবির শিল্পীরা

তিনজনই চলচ্চিত্রে নবাগত। এর আগে চলচ্চিত্রে কাজ করা হয়নি কারোরই। কথা হচ্ছে আইসক্রিম ছবির শিল্পীদের নিয়ে। রাজ, নাজিফা, উদয়—আইসক্রিম ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে এই তিনজনকে। তাঁদের নিয়েই পরিচালক রেদওয়ান রনি শুরু করতে যাচ্ছেন তাঁর নতুন ছবির কাজ। ৫ মার্চ থেকে ছবির শুটিং হবে সেন্ট মার্টিন দ্বীপে।
এর আগে রেদওয়ান রনির চোরাবালি ছবিতে অভিনয় করেছিলেন জয়া আহসান, কলকাতার ইন্দ্রনীল ও শহিদুজ্জামান সেলিমের মতো তারকারা। এবার ছবির মূল চরিত্রের সবাই নতুন মুখ। এঁদের নিয়ে পরিচালক রনি বলেন, ‘নতুনদের নিয়ে একেবারে নতুন কিছু করে দেখাতে চাই। ওঁদের তিনজনের কেউই এর আগে অভিনয় করেননি। তিন মাস ধরে আমরা ওঁদের গ্রুম করছি। তাঁরা সম্ভাবনাময়।’
সিনেমার প্রস্তুতি নিয়ে লাক্স-চ্যানেল আই তারকা নাজিফা বলেন, ‘আমরা সবাই নতুন। তার ওপর এখানে এসেই আমরা একে অপরের সঙ্গে পরিচিত হই। তাই আমাদের অভিনয় সাবলীল করার জন্যই এই গ্রুমিং সেশন। আমাদের কাছ থেকে অভিনয় বের করে আনার এটা একটা ভালো প্রক্রিয়া।’ পিং-পং এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবির শুটিং শেষ হবে এপ্রিলে।