তিন নাগরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক নাট্যসম্প্রদায়—বাংলাদেশের নাট্যমঞ্চের ইতিহাসে একটি উজ্জ্বল নাম। ১৯৬৮ সালের শেষের দিকে দলটি গঠিত হয়। সে সময় প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জিয়া হায়দার, আর সাধারণ সম্পাদক ছিলেন আতাউর রহমান। সদস্য হিসেবে ছিলেন সৈয়দ আহসান আলী সিডনী, ড. ইনামুল হক, আবুল হায়াতসহ অনেকেই। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে আলী যাকের, আসাদুজ্জামান নূর ও লাকী ইনাম এ দলে যোগ দেন। ওই বছরই দলের প্রথম মঞ্চনাটক বুড়ো শালিকের ঘাড়ে রোঁ মঞ্চস্থ হয়। নির্দেশক ছিলেন আতাউর রহমান। স্বাধীনতা-পরবর্তী সময়ে ঢাকার নাট্যমঞ্চে যে কয়টি নাটকের দল চমক দেখিয়েছিল, তারই প্রথম কাতারে ছিল নাগরিক নাট্যসম্প্রদায়। ওই সময় বাংলাদেশের মঞ্চনাটকের ক্ষেত্রে দর্শনীর বিনিময়ে নাটক দেখায় নতুন মাত্রা যোগ দেয় নাগরিক। আর দর্শনীর বিনিময়ে প্রথম নাটক বাকি ইতিহাস। আলী যাকেরের নির্দেশনায় তা মঞ্চে আসে ১৯৭৩ সালে। এরপর একে একে সাড়া জাগানো নাটকগুলোর বেশির ভাগই ছিল নাগরিক নাট্যসম্প্রদায়ের। সেই নাগরিক নাট্যসম্প্রদায় এখনো সেই নামেই চলমান। কিন্তু নাগরিক নামটি নাট্যদর্শকের কাছে একটি বিভ্রান্তি ছড়ায়। এখন ‘নাগরিক’ নামে তিনটি নাট্যদল আছে। নাগরিক নাট্যসম্প্রদায়, নাগরিক নাট্যাঙ্গন, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল—এই তিনটি নামে তাদের পরিচয়। তবে নাম তিনটির শেষের শব্দে নাগরিককে আলাদা করেছে তিন নামে। অথচ এই তিন দলের নেতৃত্বে যাঁরা আছেন, তাঁদের থিয়েটারে আগমন হয়েছিল একই নাগরিকের ছায়াতলে। ১৯৬৮ সালে যখন নাগরিক নাট্যসম্প্রদায়ের যাত্রা শুরু হয়, তখন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আজকের নাগরিক নাট্যাঙ্গনের অন্যতম প্রধান ড. ইনামুল হকও ছিলেন। ১৯৭৫ সালের পরপর জামাল উদ্দিন হোসেন, আবুল কাসেমসহ আরও অনেকে নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন। তবে টানা ২৪ বছর পর দলটি কিছুটা হোঁচট খায়। ১৯৯৫ সালে নাগরিক ভাগ হয়। দলের কয়েকজন সদস্য মিলে নাগরিক নাট্যাঙ্গন গঠন করেন। নেতৃত্বে ছিলেন ড. ইনামুল হক ও লাকী ইনাম। কিছুদিন পর তাদের সঙ্গে যোগ দেন জামাল উদ্দিন হোসেন, রওশন আরা হোসেন, আবুল কাসেম, সালেক খান, আল মামুনসহ অনেকেই। তখন একদিকে নাগরিক নাট্যসম্প্র্রদায়, অন্যদিকে নাগরিক নাট্যাঙ্গন। ওই সময়ের কথা জানতে চাইলে নাগরিক নাট্যসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘ব্যক্তিত্বের সংঘাতের কারণে ওই সময় কিছু সদস্য দল থেকে বের হয়ে যান। এতটুকুই আমার মনে পড়ে। এর বেশি আসলে কী ঘটেছিল, তা এই মুহূর্তে মনে করতে পারছি না।’বিষয়টি নিয়ে আবুল কাসেম বলেন, ‘তখন মূলত কিছু ইমোশনাল কারণে দল ভাগ হয়েছিল। সে সময় আলী যাকেরের নির্দেশনায় সৈয়দ শামসুল হকের একটি নাটকের মঞ্চে কাজ শুরু হয়েছিল। প্রথম দিকে লাকী ইনামকে নাটকটিতে অভিনয়ের জন্য অন্তর্ভুক্ত করা হলেও পরে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। এটিও একটি কারণ ছিল। এ ছাড়া আরেকটি বড় বিষয় ছিল—সে সময় দলে অনেক যোগ্যতাসম্পন্ন মানুষের আগমন হয়েছিল। কিন্তু সহজেই কাজের সুযোগ পাওয়া যাচ্ছিল না।’ এ ব্যাপারে লাকী ইনাম বলেন, ‘আমিই নাগরিক নাট্যাঙ্গন গঠন করেছি। ১৯৯৪ সালের অক্টোবরে নাগরিক নাট্যসম্প্রদায়ের সাধারণ মিটিংয়ে আমি ঘোষণা দিই নাগরিক নাট্যসম্প্রদায়ে কাজ না করার; আলাদা করে দল গঠন করার কথা বলি। এ-ও বলেছিলাম, আমি দল থেকে কাউকে নেব না। তবে যদি ড. ইনামুল হক আসতে চান, তাহলে তাঁকে নিতে পারি। তিনি আমার সঙ্গে চলে আসেন। আমরা নাগরিক নাট্যাঙ্গন দলের কাজও শুরু করি। কিছুদিন পর জামাল উদ্দিন হোসেন, রওশন আরা হোসেন ও আবুল কাসেম আমাদের সঙ্গে আসতে চাইলেন। নাগরিক থেকে পদত্যাগ করলে আমি নিতে পারি বলে তাঁদের জানালাম। এবং পদত্যাগ করেই আমাদের সঙ্গে কাজ শুরু করেন। আলাদাভাবে বের হয়ে নাগরিক নাট্যাঙ্গনের ব্যানারে ড. ইনামুল হকের নির্দেশনায় মঞ্চে নিয়ে আসি খোলস নাটকটি।’তবে এখানেও দলের ভাঙন রক্ষা করা যায়নি। বছর দু-এক পরেই নাগরিক নাট্যাঙ্গন আবারও দুই ভাগ হয়ে যায়। একদিকে লাকী ইনাম ও ড. ইনামুল হক, অন্যদিকে জামাল উদ্দিন হোসেন ও রওশন আরা হোসেন। এ ব্যাপারে আবুল কাসেম বললেন, ‘ব্যক্তিগত কিছু সমস্যার কারণেই এমনটি হলো। কী আর করা। মাঝপথে পড়ে গেলাম আমরা কয়েকজন। শেষ পর্যন্ত জামাল উদ্দিনের সঙ্গে থাকলাম। তবে সে সময় নাগরিক নাট্যাঙ্গনের জনতার রঙ্গশালা নাটকটি দলের দুই অংশ মঞ্চায়ন করতে থাকল। দুই দলই নাগরিক নাট্যাঙ্গন নামটি দাবি করতে লাগল। এদিকে ফেডারেশনের সদস্য হওয়ার জন্য দুটি দল একই নামে না থাকার পরামর্শ দেওয়া হলো ফেডারেশন থেকে। ড. ইনামুল হক, লাকী ইনাম মূল দল হিসেবে নাগরিক নাট্যাঙ্গন তাঁদের বলে দাবি করলেন। একসময় আমরা সবাই মিলে আমাদের অংশটাকে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল নামে কাজ শুরু করে দিলাম।’ নাগরিক নাট্যসম্প্রদায়ের চলতি প্রযোজনা রক্তকরবী, কাঁঠালবাগান; নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের নীলের পালা, রাজা-রানী; নাগরিক নাট্যাঙ্গনের পুষি বিড়াল এবং একজন প্রকৃত মানুষ, মুক্তির উপায় প্রভৃতি।