রাশিয়ার রাজধানী মস্কোয় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ, ভারত ও রাশিয়ার শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী। ‘জার্নি অব কালার্স’ শিরোনামের এই প্রদর্শনীতে অংশ নেন বাংলাদেশের তিন নারী শিল্পী। প্রদর্শনীতে অংশ নিতে মস্কো আসেন চিত্রশিল্পী আফরোজা জামিল, দিলরুবা লতিফ ও শামীম সুব্রানা।
রাশিয়ার চিত্রশিল্পবিষয়ক সংগঠন আর্টমস্ত এবং বাংলাদেশের আর্টট্রিপ-এর উদ্যোগে আয়োজিত এ যৌথ চিত্র প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করে মস্কোর বাংলাদেশ ও ভারতীয় দূতাবাস। মস্কোর বাংলাদেশ দূতাবাসে গত ৩১ মার্চ শুক্রবার বিকেলে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় চিত্রশিল্পী জয়প্রকাশ চৌহান, বাণী চাওলা ও মস্কোর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ চিত্রকলামোদী প্রবাসী বাংলাদেশি ও রুশরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত সাইফুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে অবদান রাখা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়া এবং ভারতকে সঙ্গে নিয়ে স্বাধীনতার মাসে বাংলাদেশ দূতাবাসে তিন দেশের শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন বিশেষ গুরুত্ব ও তাৎপর্য বহন করছে।
আর্টমস্তের কর্ণধার ভিচেশ্লাভ তিশিন প্রথম আলোকে বলেন, ‘সংগঠনের জন্মলগ্ন থেকে আমরা রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের চিত্রশিল্পী ও চারুকলা ইনস্টিটিউশনগুলোর মধ্যে একটা সম্পর্কের সেতুবন্ধ তৈরির চেষ্টা করছি; তারই ধারাবাহিকতায় মস্কোয় প্রথমবারের মতো চিত্র প্রদর্শনীর আয়োজন করা হলো।’ অনুষ্ঠানে বাংলাদেশি চিত্রশিল্পীদের পক্ষে বক্তব্য দেন আর্টট্রিপের পরিচালক দিলরুবা লতিফ। দূতাবাসের বাংলাদেশ হাউসের দুটি হলরুমজুড়ে রুশ ও বাংলাদেশি চারজন শিল্পীর তেলরং, জলরং ও ছাপচিত্রের মোট ৩০টি শিল্পকর্ম এই প্রদর্শনীতে তুলে ধরা হয়। গত ৩১ মার্চ বাংলাদেশ দূতাবাসে শুরু হওয়া ‘জার্নি অব কালার্স’ প্রদর্শনীটি চলেছে ২ এপ্রিল পর্যন্ত।