তিন নায়িকা এক নায়ক
এবার চলচ্চিত্রের তিন নায়িকাকে নিয়ে ঈদের নাটক ও টেলিছবি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা নুজহাত আলভী আহমেদ। তিন নায়িকা হলেন মৌসুমী, পূর্ণিমা ও পপি। তিনজনের বিপরীতেই অভিনয় করবেন সজল। মৌসুমী-সজল জুটি এর আগে তিনটি নাটকে একসঙ্গে কাজ করেছেন। আজ সোমবার শুরু হচ্ছে এই জুটির চতুর্থ নাটক নো এক্সিট-এর শুটিং। শফিকুর রহমানের লেখা এই নাটকটি প্রচারিত হবে আরটিভিতে। আগামী ৩ জুন নুজহাত শুরু করবেন পূর্ণিমা-সজলকে নিয়ে আমার আকাশে তোমার জোছনা টেলিছবির শুটিং। ফারিয়া হোসেনের লেখা টেলিছবিটি প্রচারিত হবে এসএ টিভিতে। এই টেলিছবির শুটিংয়ের পরপরই শুরু হবে পপি-সজল অভিনীত টেলিছবির কাজ। জাকির হোসেনের লেখা এই টেলিছবির সম্ভাব্য নাম নিভৃত যতনে। নির্মাতা নুজহাত এর আগে মৌসুমীকে নিয়ে একটি নাটকে কাজ করলেও এবারই প্রথম পূর্ণিমা ও পপিকে নিয়ে কাজ করতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে তিনি বললেন, ‘চরিত্রের প্রয়োজনেই চলচ্চিত্রের তিন জনপ্রিয় নায়িকাকে আমার নাটক ও টেলিছবিতে কাজের প্রস্তাব দিয়েছিলাম। আমার সৌভাগ্য, তাঁরা আমার সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন।’