তিন নির্মাতার কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তরুণ নির্মাতাদের জন্য এবার চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে জীবনের জয়গান (সেলিব্রেটিং লাইফ) ২০১১। দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত এই কর্মশালায় উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করবেন তিন তরুণ নির্মাতা নূরুল আলম আতিক, অমিতাভ রেজা ও মেজবাউর রহমান সুমন। উৎসবের পরিচালক রাফি হোসেন বলছিলেন, ‘এবার সেলিব্রেটিং লাইফের চলচ্চিত্র বিভাগের সঙ্গে যোগ হচ্ছে তরুণ নির্মাতাদের জন্য চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা আয়োজনের দিকটিও। কারণ, গেল দুই বছরে প্রতিযোগিতার এই বিভাগে আমরা যথেষ্ট মানসম্পন্ন কাজ পাইনি। এ কারণেই এই সময়ে ভালো কাজ করছেন এমন তিনজন নির্মাতাকে আমরা কর্মশালার পরিচালক হিসেবে বেছে নিয়েছি।’কর্মশালা সম্পর্কে নূরুল আলম আতিকের মন্তব্য, ‘নবীন নির্মাতাদের সঙ্গে থাকতে পারব, এটাই আনন্দের ব্যাপার। আশা করব, বাংলাদেশের সম্ভাবনার দিকগুলো এই নবীন নির্মাতাদের ছবিতে উঠে আসবে।’অমিতাভ রেজা বলেন, ‘পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। আমরা উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করব।’ অন্যদিকে মেজবাউর রহমান সুমন মনে করেন, দেশে যেসব তরুণ ছবি তৈরি করতে চান, তাঁদের জন্য এটি একটি ভালো সুযোগ। এই কর্মশালা থেকে অনেক প্রতিভাবান নির্মাতা বেরিয়ে আসতে পারেন।’এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে ১৫ জন নির্বাচিত নবীন নির্মাতা তিনটি ভাগে ভাগ হয়ে ছবি তৈরি করার সুযোগ পাবেন। তাঁদের তৈরি ছবিগুলো টেলিভিশনে প্রচারিত হবে। এপ্রিল থেকে শুরু হবে এই কর্মশালা।