তিন পদাতিক
শুরুটা হয়েছিল কালান্তর দিয়ে, ১৯৭৬ সালে। প্রথম প্রযোজনা পথনাটক সূর্যমামার বরযাত্রী। দুই বছর কাজ চলার পর কালান্তর আর এগোতে পারেনি। নতুন নাটকের দল গঠনের প্রক্রিয়া শুরু হয়। শেষমেশ ১৯৭৮ সালে পদাতিক নাট্যসংসদ গঠিত হয়। কালান্তর গঠনের উদ্যোক্তা ছিলেন গোলাম কুদ্দুছ, এস এম সোলায়মান। গোলাম কুদ্দুছ বললেন, ‘আমরা দুজন চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলাম। দুজনের উৎসাহে কালান্তর তৈরি হয়। একটা সময় কুতুবুদ্দিন জাং চৌধুরী, খান আনিসুজ্জামান মানিক, আমি, এস এম সোলায়মান, আবুল কাসেম দুলালসহ অনেকে মিলে “নাটক হোক জীবনের প্রকাশিত সত্য, নাটক হোক জীবনযুদ্ধের হাতিয়ার” স্লোগান নিয়ে পদাতিক নাট্যসংসদ গঠন করি।’ দলটির যাত্রা শুরু হলে এস এম সোলায়মানের নির্দেশনায় প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে আসে জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা থেকে কবর নাটক। টানা চার বছর পর ১৯৮০ সালে ১৩ মার্চ পদাতিক নাট্যসংসদ থেকে নতুন নামে ঢাকা পদাতিক নামকরণ করা হয়। গোলাম কুদ্দুছ বলেন, ‘সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের একটি রুমে দলের কাউন্সিলরদের তলবি সভায় সবার সিদ্ধান্তক্রমে একই স্লোগান নিয়ে দলটির নাম ঢাকা পদাতিক হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করে। রাজনৈতিক বিভাজনের কারণেই এটা করা হয়েছিল। নতুন করে কমিটিও করা হয়। সেখানে আমাকে সভাপতি ও এস এম সোলায়মানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটিও করা হয়। দলের কিছু কর্মী পদাতিক নাট্যসংসদ নাম রেখেই আলাদাভাবে কাজ চালিয়ে নেন। তবে যাঁরা পদাতিক নাট্যসংসদ নিয়ে কাজ করে আসছেন, তাঁদের মধ্যে সেই ১৯৭৮ সালে গঠিত পদাতিক নাট্যসংসদের কেউ-ই প্রতিষ্ঠাতা সদস্য নন।’ তবে দল ভাগাভাগির আগে সেসব নাটক মঞ্চে এসেছে, এগুলোর মধ্যে চলতি প্রযোজনা হিসেবে সোজন বাদিয়ার ঘাট নাটকটি দুটি দলই নিয়মিত মঞ্চায়ন করে এসেছে। কিন্তু দলের স্লোগান ওলট-পালট হয়েছে। পদাতিক নাট্যসংসদ গঠনের সময় দলের স্লোগান ছিল, ‘নাটক হোক জীবনের প্রকাশিত সত্য, নাটক হোক জীবনযুদ্ধের হাতিয়ার’। এই স্লোগানটি ঢাকা পদাতিক একইভাবে ব্যবহার করছে, কিন্তু ১৯৮০ সালে ঢাকা পদাতিক গঠনের পর যাঁরা পদাতিক নাট্যসংসদ নামেই দল চালানোর পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁরা মূল স্লোগানটির শব্দকে একটু আগে-পিছে পরিবর্তন করে ‘নাটক হোক জীবনযুদ্ধের হাতিয়ার, নাটক হোক জীবনের প্রকাশিত সত্য’—এভাবে ব্যবহার করছেন। এদিকে পদাতিক নাট্যসংসদও আবার ২০০৪ সালে এসে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একই নামে আলাদা দুটি দলের নাটকের কাজ চলতে থাকে। একসময় নাম বিভ্রান্তের কারণে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃত্বে একটাকে পদাতিক নাট্যসংসদ বাংলাদেশ এবং আরেকটিকে পদাতিক নাট্যসংসদ টিএসসি হিসেবে প্রকাশ করা হয়। ১৯৮০ সালের পর পদাতিক নাট্যসংসদ যেসব নাটক মঞ্চে আনে, ২০০৪ সালের পর একই নাটক দুই পদাতিক নাট্যসংসদই মঞ্চায়ন করতে থাকে, এখনো করছে। পদাতিক নাট্যসংসদ বাংলাদেশের নেতৃত্বে আছেন সেলিম শামসুল হুদা চৌধুরী। দল নিয়ে তাঁর ভাষ্য ভিন্ন। গোলাম কুদ্দুছের কথার সঙ্গে তিনি একমত নন। তিনি বললেন, ‘১৯৭৮ সালে যখন দল গঠন হয়, তখন আমরাও প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম। আমি বলব, আমরাই মূল দল হিসেবে এখনো কাজ করে যাচ্ছি।’ কিন্তু গোলাম কুদ্দুছ আবারও জোর দিয়ে বলেন, ‘ওরা যখন দলে আসে, তার ছয়-সাত মাস আগে থেকেই আমরা দলের কাজ শুরু করে দিয়েছি। সুতরাং তাঁরা দলের প্রতিষ্ঠাতা সদস্য হতে পারেন না।’ তবে সেলিম শামসুল হুদা চৌধুরী তিন পদাতিককেই এক পতাকার তলে আসার আহ্বান জানান। তিনি বলেন, এখন যদি এই তিনটি দলই আগের মতো এক জায়গায় যাওয়া যেত, তাহলে ভালো ভালো প্রযোজনা মঞ্চে আনা সম্ভব হতো। প্রথম দিকে আমরা একাধিক নাটকে একাধিক শিল্পী নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি; এখন কোনো নতুন নাটকে বেশি শিল্পীর প্রয়োজন হলে কর্মীর অভাবে তা করা সম্ভব হয় না। তিনটি দল এক হলে বড় বড় উৎসবও করা যেত। দল ভাগাভাগি হওয়ার কারণে প্রযোজনার মানও কিছুটা পিছিয়ে গেছে।’ এদিকে পদাতিক নাট্যসংসদ টিএসসির সাধারণ সম্পাদক সায়েম সামাদ বলেন, ‘১৯৭৮ সালে দল গঠনের সময় থেকেই পদাতিক নাট্যসংসদ টিএসসি নাম নিয়ে দলটির যাত্রা শুরু হয়। এখনো একই নামে আছে, চলছে। আমরা আলাদা হয়ে যায়নি। কালের বিবর্তনে রাজনৈতিক মতাদর্শের কারণে দলের ভাগাভাগি হয়েছে। তবে আমরা মূল দলেই আছি।’বর্তমান ঢাকা পদাতিকের চলতি প্রযোজনা পাইচো চোরের কিস্সা, পদাতিক নাট্যসংসদ বাংলাদেশের জলবালিকা, পদাতিক নাট্যসংসদ টিএসসির জনমাংক, কালের যাত্রা ।