তিন পূজার হলো মেলা

প্রশ্নটা করা হলো তিনজনকেই! কে কে নারকেলের নাড়ু বানাতে পারেন? প্রশ্ন শেষ না হতেই হাত তুলল অভিনেত্রী পূজা। কদিন বাদে যার জেএসসি পরীক্ষা।
‘কীভাবে বানাতে হয়?’ এবার ঘাবড়ে গেল সে। পড়া না পারা শিক্ষার্থীর মতো আস্তে আস্তে বলল, ‘আমি শুধু গোল গোল করতে পারি।’ এবার পাশে বসা দুই পূজা হেসে ফেললেন। ‘সেটা তো আমরাও পারি।’ একসঙ্গে বললেন নাচের পূজা ও গানের পূজা।
কদিন পরেই শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষেই তিন অঙ্গনের তিন পূজাকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রথম আলো অফিসে। কথা ছিল ২ অক্টোবর বিকেলে ‘পূজা’ নিয়ে পূজাদের সঙ্গে আড্ডা দেব।
আগেভাগেই চলে এল অভিনয়শিল্পী পূজা। পূজা চেরী রায়। ‘আমি ওখান থেকে আসি না, ওখানেই থাকি’—এই একটি সংলাপেই যার পরিচিতি ছড়িয়ে গেছে দেশজুড়ে। এরপর এলেন নাচের পূজা। পূজা সেনগুপ্ত। ওয়াটারনেস আর অনামিকা সাগরকন্যা নামের দুটি প্রযোজনার মাধ্যমেই যার খ্যাতি ছড়িয়েছে দেশ বিদেশে। দুজনের সঙ্গে যখন পূজার গল্পটা জমে উঠেছে, তখন এলেন গানের পূজা। বাঁধন সরকার পূজা। ২০০৮ সালের চ্যানেল আই সেরা কণ্ঠের মাধ্যমে যাঁর আগমন গানের দুনিয়ায়।
পূজা নামের রহস্য কী?
‘আমার মা খুব দেশ পত্রিকা পড়েন। সেখানে শঙ্খ ঘোষের একটা লেখায় নায়িকার নাম দেখেছেন পূজা। ওখান থেকেই আমার নামটি নেওয়া।’ নাম নিয়ে ব্যাখ্যা দিলেন নাচের পূজা।
‘পূজা মানেই তো সবার শ্রদ্ধা আর ভালোবাসা পাওয়া। আমি যাতে সারা জীবন মানুষের ভালোবাসা পাই এ কারণেই মা এই নাম রেখেছেন।’ ব্যাখ্যা দিয়ে মায়ের দিকে তাকালেন অভিনয়ের পূজা। পাশে বসা মা হাসলেন। বোঝা গেল মেয়ের ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট।
গানের পূজা অবশ্য এত কিছুতে গেলেন না। ‘আমার নামটা মাসি রেখেছেন। আমি কিছু জানি না।’
আড্ডা ততক্ষণে জমে উঠেছে। এত দিন একে অপরকে টেলিভিশন ও বিভিন্ন পত্রিকায় দেখে চিনতেন। অবশ্য এর মধ্যে গান আর নাচের পূজার প্রথম আলোর একটা অনুষ্ঠানেও দেখাও হয়েছিল। রোমন্থন করলেন সে স্মৃতিও।
নাচের পূজার মুঠোফোনে নতুন প্রযোজনার চিত্রনাট্য। ‘দারুণ হয়েছে চিত্রনাট্যটা।’ বলে শোনালেনও খানিকটা। বললেন, ‘খুব ভয়ে আছি, কী যে হবে।’ অবশ্য নতুন চিত্রনাট্য পেয়ে পুজোর নতুন পোশাক পাওয়ার মতো একটা খুশির ঝিলিকও দেখা গেল চোখেমুখে।
এবারের পূজায় পরিকল্পনা কী? ‘আমার ২৬ দিন পরে জেএসসি। কোনো পরিকল্পনা নেই। শুধু মণ্ডপে মণ্ডপে ঘুরব একদিন।’ বলল পূজা চেরী রায়।
কথা শেষ হতেই বাঁধন সরকার পূজা বললেন, ‘প্রতি পূজাতেই আমার অনেকগুলো লাইভ গান গাওয়ার অনুষ্ঠান থাকে। এবার এখন পর্যন্ত একটি অনুষ্ঠানও নিইনি। সবাই মিলে কলকাতায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছি। দেখা যাক।’
পূজা নিয়ে আলাদা একটা পরিকল্পনা করেছেন ‘সেন গুপ্ত’। ‘মণ্ডপে তো যাবই। সঙ্গে মা দুর্গাকে বিসর্জন দিতে বন্ধুরা মিলে তুরাগ নদে যাব। আপাতত এটুকুই পরিকল্পনা।’
তুরাগ নদে যাওয়ার কথা শুনে বেশ আগ্রহী হয়ে উঠলেন বাকি দুই পূজা। ‘যদি ডুবে যাও’, ‘এই তুমি সাঁতার জানো?’ ‘তোমার ভয় করে না?’ এ-জাতীয় প্রশ্ন-উত্তর চলল কিছুক্ষণ।
আড্ডা থামার কোনো সুযোগ নেই। একে অপরের ফেসবুকে ঢুকেছেন। প্রোফাইল, কাভার ফটো দেখে দেখে মৌখিক মন্তব্য চলছে। এদিকে আলো চলে যাওয়ার আগেই তুলতে হবে ছবি। ফটোগ্রাফারের তাড়া। প্রথম আলো অফিসের পাশেই তোলা হলো ছবি। শুধু মঞ্চে নয়, ছবি তোলার বেলাতেও কাজে দিল পূজা সেনগুপ্তের কোরিওগ্রাফি।
ছবি তুলতে তুলতে একে অপরকে পূজার দাওয়াতটাও দিয়ে দিলেন তাঁরা। বাদ পড়লাম না আমরাও। ‘নিজের হাতে নাড়ু বানিয়ে খাওয়ালে যাব’—কে একজন বলে উঠল। তাঁর কথা শুনে ছবি তুলতে তুলতে হাসি ছড়িয়ে পড়ল তিন পূজার মুখে।