তিন প্যানেলের প্রধান দুটি পদ চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়
এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের আর মাত্র মাস খানেক বাকি। দুই বছর মেয়াদি (২০১৭-২০১৮) পরিষদ গঠন করতে সভাপতি ও মহাসচিবসহ মোট ১৭টি পদে নির্বাচন হবে ৩০ ডিসেম্বর। এর আগে ৮ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১১ ডিসেম্বর।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় না এলেও এরই মধ্যে এই নির্বাচনে সভাপতি ও মহাসচিব পদ নিয়ে তিনটি প্যানেল চূড়ান্ত হয়ে গেছে। প্যানেল তিনটি হলো আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু, মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব। সব কটি প্যানেলে সভাপতি, মহাসচিব পদ দুটি ছাড়া বাকি ১৫ পদের মনোনয়ন চূড়ান্ত হয়নি।
এ ব্যাপারে চলতি কমিটির কার্যকরী সদস্য ও আগামী নির্বাচনে মহাসচিব প্রার্থী বদিউল আলম খোকন বলেন, ‘এখন পর্যন্ত তিনটি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার কথা শোনা যাচ্ছে। প্যানেলগুলোতে কমিটির প্রধান দুটি পদ চূড়ান্ত হয়ে গেছে। মনোনয়ন জমা দেওয়ার আগে আগেই বাকি পদগুলোতে প্রার্থীদের নাম জানা যাবে।’
চলতি কমিটির কার্যক্রম আগামী নির্বাচনে তাঁর জয়–পরাজয়ের ওপর প্রভাব ফেলবে কি না—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই প্রভাব ফেলবে। ভালো কাজ করে থাকলে ভোটাররা ভোট দেবেন আমাকে, না হলে ভোট দেবেন না। তবে জয়ের ব্যাপারে আশাবাদী আমি।’
মাস খানেক বাকি থাকলেও নির্বাচনের মাঠ জমে উঠেছে। এরই মধ্যে নির্বাচন কমিশনও ৩৬৭ জন ভোটারের খসড়া তালিকা প্রকাশ করেছে। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত পরিচালকদের পদচারণায় মুখর থাকছে এফডিসির পরিচালক সমিতির আঙিনা। শুধু এফডিসিই নয়, সম্ভাব্য এই প্রার্থীরা বাড়িতে বাড়িতে গিয়েও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।