
তিন প্রজন্ম ধরে শিল্পচর্চার সঙ্গে কোনো পরিবার জড়িত আছে—বাংলাদেশে এমন দৃষ্টান্ত খুব একটা চোখে পড়ে না। অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের কল্যাণে গতকাল শনিবার সেটি সম্ভব হলো।
অ্যাথেনা আয়োজন করেছে মা সরত মালা চাকমা, মেয়ে কনকচাঁপা চাকমা ও নাতনি শিরোপা পূর্ণার শিল্পকর্ম প্রদর্শনী। শিরোনামটিও যথার্থ, ‘থ্রি জেনারেশন’।
গতকাল বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁদের বক্তব্যের আগে স্বজনদের পক্ষ থেকে চলচ্চিত্রনির্মাতা খালিদ মাহমুদ মিঠু বললেন তাঁর শাশুড়ি, স্ত্রী ও মেয়ের শিল্পচর্চার কথা। দর্শকসারি জুড়ে ছিলেন তিন শিল্পীর স্বজন, শুভানুধ্যায়ীরা।
প্রদীপ প্রজ্বালনের আনুষ্ঠানিকতার পর ছবি দেখা শুরু। পুরো গ্যালারিকে তিন ভাগে ভাগ করে তিন শিল্পীর কাজ প্রদর্শিত হচ্ছে।
প্রথম ভাগে সরত মালা চাকমার বুননের কাজ। তুলা থেকে সুতা তৈরি করে কাপড়ে তিনি নানা রকম মোটিফ ফুটিয়ে তোলেন। সরত মালার হাতের নিখুঁত বুনন আন্তর্জাতিক সম্মানও অর্জন করেছে। গ্যালারির মাঝামাঝিতে তিনজন নারী বসে পুরো প্রক্রিয়াটির নমুনা দেখাচ্ছিলেন।
দ্বিতীয় ভাগে রয়েছে ক্যানভাসে অ্যাক্রিলিক ও পেপার কোলাজে করা কনকচাঁপা চাকমার চিত্রকর্মগুলো। এগুলোতে চাকমাজীবন প্রাধান্য পেয়েছে। বিশেষ করে এসেছে পরিশ্রমী চাকমা নারীর জীবনগাথা।
তৃতীয় ভাগে ছিল শিরোপা পূর্ণার চিত্রকর্ম, আলোকচিত্র ও চলচ্চিত্র। তাঁর পরিচালিত ছবি বার্ড ইন আ কেজ মনিটরে দেখানো হচ্ছিল।
আগামী ৭ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে।