তিন প্রেমকাহিনির রঙে 'নীল রঙের গল্প'

আজ ২১ আগস্ট থেকে এনটিভিতে নতুন ধারাবাহিক নাটক ‘নীল রঙের গল্প’-এর প্রচার শুরু হচ্ছে। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস-পার্বতী’, নিজামি গানজাভির ‘লাইলী-মজনু’ এবং উইলিয়াম শেকসপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’—এই তিন অমর প্রেমকাহিনি অবলম্বনে তৈরি হয়েছে ‘নীল রঙের গল্প’।
জাকারিয়া শৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ।
চ্যানেলটির বরাতে জানা গেছে, নাটকটি এনটিভির পর্দায় সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত নয়টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, আফরান নিশো, নিলয়, জেনি, মিতা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, মানস বন্দ্যোপাধ্যায়, কায়েস চৌধুরী, শিরিন বকুল প্রমুখ।
নাটকের গল্পে দেখা যায়, দেবদাস, মজনু ও রোমিও ঘনিষ্ঠ তিন বন্ধু। তাঁরা একই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বহুকাল আগে দেবদাসদের জমিদারি বিলুপ্ত হয়েছে। তিনি এখন শেষ বংশধর। গ্রাম থেকে ঢাকায় পড়তে এসেছেন। শহরতলিতে চটপটে থাকলেও শহরে এসে লাজুক আর নীরব হয়ে গেছেন দেবদাস।
এদিকে মজনু পুরান ঢাকার ছেলে। তিনি বয়সে দেবদাস ও রোমিওর চেয়ে বড়। কয়েকবার ফেল করে তাঁদের সঙ্গে পড়ছেন মজনু। বিশ্ববিদ্যালয়ের স্বঘোষিত অনির্বাচিত ভিপি তিনি। প্রেম বলতে পৃথিবীতে কিছু আছে, এটা তিনি বিশ্বাসই করেন না। তাই তাঁর নির্দেশে ক্যাম্পাসে প্রেম নিষিদ্ধ। আর রোমিও গুলশান এলাকার অন্যতম ধনাঢ্য পরিবারের সন্তান। নতুন নতুন মেয়েবন্ধু নিয়ে ঘুরে বেড়ানো তাঁর স্বভাব। তাঁর কাছে জীবন মানে খাও-দাও আর ফুর্তি করো। রঙিন সময়ের মধ্য দিয়েই চলছিল দেবদাস, রোমিও ও মজনুর জীবন। সব হিসাব উলটে একদিন মজনুর জীবনে আসেন লাইলী, রোমিওর জীবনে জুলিয়েট। অন্যদিকে প্রেম ও অপ্রেমের দোলাচলে পার্বতীর সঙ্গে দেবদাসের সম্পর্ক সেই ছোটবেলা থেকেই। একটা সময় প্রেমের অমোঘ আকর্ষণে তিনজনের জীবনেই আসে আমূল পরিবর্তন।