তিন বছর পর অভিনয়ে
উপস্থাপিকা তানিশার অভিনয় জীবনটা শুরুই হয়েছে আফজাল হোসেনের মাধ্যমে। ‘এক আকাশের তারা’ নামের একটি ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে প্রথম নাটকে অভিনয় শুরু করেন তিনি। সেটা প্রায় ২০০৪ সালের ঘটনা। নাটকটি প্রচারিত হয়েছিল চ্যানেল আইয়ে। এরপর তিনি আরও কয়েকটি নাটকে কাজ করেন। সর্বশেষ কাজটি করেন ২০০৮ সালে। সেটিও ছিল আফজাল হোসেনের পরিচালনায়, নাম ‘নায়িকা’। এরপর আর নাটকে অভিনয় করেননি তানিশা। বলা যায়, নাটকে অভিনয় একেবারে ছেড়েই দিয়েছিলেন। কিন্তু তিন বছর পর অনুরোধ রক্ষার্থে আবারও নাটকে কাজ করতে হলো। এবারের নাটকের নাম ‘ভালোবাসার অনুষঙ্গ’। রচনা গোলাম রাব্বানী। পরিচালনা নঈম ইমতিয়াজ নেয়ামুল।তানিশা বলেন, ‘আমি এখন পুরোদস্তুর উপস্থাপিকা। এর বাইরে আর কিছু করতে চাই না। যেহেতু এ নাটকেও আমাকে একজন উপস্থাপিকার ভূমিকায় অভিনয় করতে হয়, তাই কাজটি করতে সম্মতি জানাই।’তানিশা আরও বলেন, ‘নাটকটির পরিচালক এবং অন্য দুই অভিনয়শিল্পী আমার খুবই ঘনিষ্ঠ। তারা সবাই চেয়েছে আমি যেন নাটকটিতে অভিনয় করি। তাই সবার চাওয়াটাকে আসলে না করতে পারিনি।’ নাটকটির অন্য অভিনয়শিল্পীরা হলেন—বিন্দু, শাহাদাত্ হোসেন ও আরেফিন শুভ ।সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা, ফুলার রোড, কারওয়ান বাজার, মতিঝিল, উত্তরা ও নিকেতনের বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে। পরিচালক সূত্রে জানা গেছে, ২৪ এপ্রিল এনটিভির বিশেষ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচারিত হবে।