তিন বছর পর আবার ধারাবাহিক
তিন বছর পর ধারাবাহিক নাটক লিখলেন আহসান হাবিব। নাটকের নাম একটি আদর্শ মেসবাড়ি (ধূমপানমুক্ত)। নাটকটি পরিচালনা করছেন বিক্রম খান। ঢাকার মিরপুরে আজ থেকে এ নাটকের শুটিং শুরু হচ্ছে।৩৩ বছর ধরে উন্মাদ পত্রিকা সম্পাদনা করছেন আহসান হাবিব। পাশাপাশি লেখালেখিও করছেন। প্রায় সব ঈদেই তাঁর লেখা নাটক দেখানো হয় টিভিতে। এবার ঈদে দেখানো হয়েছে সুইসাইড নাটকটি। এটি পরিচালনা করেছেন এস এ হক অলীক।আহসান হাবিব জানালেন, এর আগে তিনি দুটি ধারাবাহিক লিখেছেন। নাম আলীবাবা ৪১ চোর ও টার্গেট মিলেনিয়াম। তিন বছর পর ধারাবাহিক নাটক লেখা প্রসঙ্গে তিনি বললেন, ‘আমি যে ভাবনা নিয়ে লিখি, পরে নাটকের সঙ্গে তার আর মিল খুঁজে পাই না। তাই লিখতে ইচ্ছা করে না। একটি আদর্শ মেসবাড়ি (ধূমপানমুক্ত) পরিচালনা করছেন বিক্রম খান। ওর সঙ্গে বেশ কিছুদিন আগে শিকার নামের একটা নাটকে কাজ করেছিলাম। তখন ও ছোট ছিল। এখন তো ব্যস্ত পরিচালক। এবার এসে ধারাবাহিকের জন্য অনুরোধ করল। আমিও রাজি হয়ে গেলাম। এখনো বুঝতে পারছি না, ও কেমন বানাবে। দেখি।’নাটকের গল্প প্রসঙ্গে আহসান হাবিব বললেন, ‘আগে তো ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মেস ছিল। এখন অবশ্য অনেক ফ্ল্যাটবাড়ি ব্যাচেলরদের ভাড়া দেয়। এ রকমই একটি মেসবাড়ি নিয়ে আমার এই নাটকের গল্প। একটু কমেডি ধাঁচের। আশা করছি, দর্শকেরা নাটকটি উপভোগ করবে।’পরিচালক জানান, একটি আদর্শ মেসবাড়ি (ধূমপানমুক্ত) নাটকে অভিনয় করছেন তৌকীর আহমেদ, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, নাদিয়া, নাফিজা, পুতুল, রহমত আলী, আফরোজা বানু প্রমুখ। আর নাটকটির দৈর্ঘ্য হবে ৫২ পর্ব।