তিন বছর পর জুটি হচ্ছেন রণবীর-ক্যাটরিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর-ক্যাটরিনা
রণবীর-ক্যাটরিনা

‘জগ্গা জাসুস’ ছবির মাধ্যমে তিন বছর পর রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ আবার জুটি বাঁধতে যাচ্ছেন বলে সম্প্রতি এক খবরে জানিয়েছে ‘মুম্বাই মিরর’। এটিই হবে অনুরাগ বসু ও রণবীর কাপুরের পিকচার শুরু প্রোডাকশনের প্রথম ছবি। 
সর্বশেষ ২০১০ সালে প্রকাশ ঝা পরিচালিত ‘রাজনীতি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রণবীর-ক্যাটরিনা। এরপর পেরিয়ে গেছে তিনটি বছর। এই সময়ের মধ্যে ব্যক্তিগত জীবনে একে-অন্যের অনেক কাছাকাছি এলেও রুপালি পর্দায় জুটি বাঁধা হয়নি রণবীর-ক্যাটরিনার। পর্দায় আবার এ জুটির রসায়ন দেখার প্রতীক্ষায় ছিলেন তাঁদের অগণিত ভক্ত। এবার সম্ভবত সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। শোনা যাচ্ছে, অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুস’ ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘আজব প্রেম কি গজব কাহানি’ (২০০৯) ও ‘রাজনীতি’ (২০১০) ছবিতে রণবীর-ক্যাটরিনা জুটিকে দারুণ পছন্দ করেছিল দর্শক। আবার তাঁদের এক ফ্রেমে বন্দী করার সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন অনুরাগ বসু। এরই মধ্যে তিনি নতুন ছবিটি নিয়ে আলাপ-আলোচনার জন্য ক্যাটরিনার সঙ্গে দেখা করেছেন। তিনি ছবির চিত্রনাট্য ক্যাটের হাতে দিয়ে এসেছেন। সেটি মন দিয়ে পড়ছেন ক্যাটরিনা। অনুরাগ-ক্যাটরিনার আলোচনা ভালোই এগিয়েছে। সবকিছু ঠিকঠাকমতো এগোলে ‘জগ্গা জাসুস’ ছবিতে রণবীরের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হবেন ক্যাটরিনা।
অনেক দিন থেকেই জুটি বেঁধে অভিনয়ের চেষ্টা করছিলেন রণবীর-ক্যাটরিনা। কিন্তু ব্যাটে-বলে না মেলায় তাঁদের সেই ইচ্ছা আর পূরণ হয়নি। আগামী অক্টোবরে মুক্তি পাচ্ছে রণবীর অভিনীত ‘বেশরম’ ছবিটি। এর কাজ শুরুর আগে ছবিটিতে ক্যাটরিনাকে অন্তর্ভুক্ত করার জোর চেষ্টা চালিয়েছিলেন রণবীর। তিনি ছবির পরিচালক অভিনব কশ্যপকে অনুরোধও করেছিলেন।
কিন্তু পরিচালক তাঁর সিদ্ধান্ত থেকে একচুলও নড়েননি। রণবীরের বিপরীতে চুক্তিবদ্ধ করিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী পল্লবী শারদাকে। অভিনব চাইলে ক্যাটরিনাকে ছবিটিতে নিতে পারতেন। কিন্তু পল্লবীর সঙ্গে সুসম্পর্কের কারণে রণবীরের অনুরোধ উপেক্ষা করে ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে পল্লবীকে অভিনয়ের সুযোগ করে দিয়েছেন অভিনব।
সম্ভবত এসব কারণেই শেষমেশ নিজের প্রযোজনা সংস্থার ছবির মাধ্যমেই ক্যাটরিনাকে জুটি হিসেবে পেতে চাইছেন রণবীর। গত বছর মুক্তি পাওয়া ‘বরফি’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় দারুণ সুসম্পর্ক গড়ে উঠেছিল অনুরাগ বসু ও রণবীরের মধ্যে। তখনই দুজন মিলে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে তাঁরা সেই পরিকল্পনা বাস্তবায়নও করেন। মাস দুয়েক আগে তাঁদের পিকচার শুরু প্রোডাকশনের যাত্রা শুরু হয়।