তিন বছর পর তাহসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহসান
তাহসান

তাহসানের সর্বশেষ অ্যালবাম প্রত্যাবর্তন প্রকাশিত হয় ২০১১ সালে। এরপর তাহসান শিক্ষকতা পেশায় ব্যস্ত হয়ে পড়েন। পাশাপাশি নাটকেও অভিনয় করেন। তাহসান ভক্তদের এ নিয়ে অভিযোগেরও শেষ ছিল না। অবশেষে ভক্তদের অভিযোগের জবাব দিতে নতুন গানের অ্যালবাম নিয়ে আসছেন তাহসান। এরই মধ্যে অ্যালবামের সাতটি গানের কাজ শেষ হয়েছে বলে জানান তাহসান। এটি হবে তাহসানের ষষ্ঠ একক গানের অ্যালবাম।
তাহসান বলেন, ‘গত তিন বছর অ্যালবামের জন্য গান করা হয়নি। এই সময়টাতে বেশ কয়েকটা নাটকে অভিনয় করা হয়। এতে ভক্ত-শ্রোতারা আমার আসল পরিচয়ই ভুলে যেতে বসেছিল। তাঁরা এমনও বলেছিল, আপনি তো দেখি ভালো গানও করেন, কি অবস্থা!’
তাহসান এও বলেন, ‘আমার আসল পরিচয় আমি গায়ক। শ্রোতাদের কারণে আমি তাহসান হয়েছি। তাঁদের চাওয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধা প্রদর্শনের চেষ্টা করি।’
নতুন অ্যালবামে কী ধরনের গান থাকছে জানতে চাইলে তাহসান বলেন, ‘আমি এর আগে যে ধরনের গান করেছি নতুন অ্যালবামেও তেমন গান থাকবে। তবে সুর ও সংগীতায়োজনে অবশ্যই নতুনত্ব থাকবে।’
জানা গেছে, তাহসানের নতুন অ্যালবামে মোট গান থাকবে নয়টি। বেশির ভাগ গানের কথা ও সুর তাহসান নিজেই করছেন। নাম ঠিক না হওয়া তাহসানের নতুন অ্যালবামটি প্রকাশ করবে জি-সিরিজ।
উল্লেখ্য, ২০০৪ সালে তাহসানের প্রথম একক অ্যালবাম কথোপকথন, এরপর ক্রীতদাসের নির্বাণ (২০০৫), ইচ্ছে (২০০৬), নেই (২০০৮) ও প্রত্যাবর্তন (২০১১) বের হয়।