তিন বছর পর তাহসানের প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহসানের সর্বশেষ অ্যালবাম ‘নেই’ প্রকাশিত হয়েছিল ২০০৭ সালের ডিসেম্বরে। এটি ছিল শিল্পীর চতুর্থ অ্যালবাম। তিন বছর পর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হলো তাহসানের পঞ্চম অ্যালবাম ‘প্রত্যাবর্তন’। গতকাল শুক্রবার অ্যালবামটি বাজারে ছাড়া হয়েছে। অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজন করেছেন তাহসান নিজেই। অ্যালবামে মোট গান রয়েছে ১২টি। এর মধ্যে টাইটেল গান প্রত্যাবর্তনের আনপ্লাগড ভার্সনও রাখা হয়েছে। রয়েছে একটি গানের ইনস্ট্রুমেন্টাল। গানের কথাগুলো লিখেছেন তাহসান, মিথিলা, আর্থিক সজীব, টি আই অন্তর ও ফয়সাল রাব্বীকিন। প্রত্যাবর্তন অ্যালবামে তাহসানের সঙ্গে ‘কিছু কথা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন জীবনসঙ্গী মিথিলা।অ্যালবামটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘প্রত্যাবর্তন অ্যালবামের বেশির ভাগ গানে থাকছে আমার নিজস্ব স্টাইল। পাশাপাশি নতুন কিছু স্টাইলের সঙ্গেও শ্রোতারা পরিচিত হবেন। আমি খুবই সৌভাগ্যবান যে অ্যালবামটিতে মাইলস ব্যান্ডের ইকবাল আসিফ জুয়েলের মতো একজন মিউজিশিয়ানের সহযোগিতা পেয়েছি। আমি এমনিতেই উনার একজন ভক্ত।’তা ছাড়া আরও দুজনের কথা না বললেই নয়। তাঁরা হলেন রাজিব হোসেন ও জুয়েল মোর্শেদ ওরফে জ্যু।তাহসান জানান, নিজের একক অ্যালবামের জন্য ব্যস্ততার কারণে তিনি অনেক দিন অন্য কোনো কাজ শুরু করতে পারেননি। জানা গেছে, খুব শিগগিরই মিনারের অ্যালবামের কাজ শুরু করবেন তিনি।মুঠোফোন প্রতিষ্ঠান রবির সহযোগিতায় তাহসানের পঞ্চমবারের মতো ‘প্রত্যাবর্তন’ ঘটল।