তিন বছর পর পার্থ ও অপি

তিন বছর পর আবারও নাটকে জুটি হলেন পার্থ বড়ুয়া ও অপি করিম। ঈদের জন্য নির্মিত নাটকটির নাম ‘আলো’। মীর শরিফুল করিমের লেখা নাটকটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে।
পার্থ বড়ুয়া বলেন, ‘আমি গানের মানুষ। অভিনয়ে আসাটা হঠাত্ করেই। শুরুর দিকে আমি আর অপি একসঙ্গে অনেকগুলো নাটকে জুটি হয়ে অভিনয় করেছি। মাঝের তিন বছর দুজনের সময়-সুযোগ কোনোটাই হয়নি। তিন বছর পর চমত্কার গল্পের একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারও একসঙ্গে কাজ করা হচ্ছে।’
পার্থ বড়ুয়া আরও বলেন, ‘সহশিল্পী হিসেবে অপি খুব চমত্কার। ওর সঙ্গে আমার বোঝাপড়াও খুব ভালো। সত্যি কথা বলতে, অপির সঙ্গে কাজ করে আমি নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি।’
জানা গেছে, এসএ টিভিতে নাটকটি ঈদে প্রচারিত হবে।
উল্লেখ্য, পার্থ বড়ুয়া ও অপি করিম বছর তিনেক আগে মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় ‘ছায়াচোখ জলছাপ’ নাটকে অভিনয় করেছিলেন। দেশ টিভিতে নাটকটি প্রচারিত হয়। একই পরিচালকের ‘সাদা আলো সাদা কালো’ নামের আরেকটি নাটকেও অভিনয় করেন তাঁরা দুজন।