তিন বন্ধুর নতুন ব্যবসা

অভিনয় নিয়েই ব্যস্ততা মোশাররফ করিমের। সেই ব্যস্ততার সঙ্গে যুক্ত হলো নতুন মাত্রা। বেশ কদিন হলো সকালে শুটিং শুরু হওয়ার বেশ আগেই তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে পড়েন তিনি। বেরিয়ে ঢুঁ মারেন ঢাকার গুলশানের হাতিরঝিলসংলগ্ন কনকর্ড পুলিশ প্লাজার ফুডকোর্টে। তবে এটা অভিনয়সংক্রান্ত কোনো কারণে নয়, সেখানে মোশাররফ করিমকে পাওয়া যায় নতুন পরিচয়ে। সেই ফুডকোর্টে ‘দ্য অ্যাপেল’ নামের একটি খাবারের দোকান চালু করেছেন তিনি। এই রেস্তোরাঁ ব্যবসায় মোশাররফের সঙ্গে আছেন তাঁর আরও দুই বন্ধু অভিনেতা শামীম জামান এবং আ খ ম হাসান।
মোশাররফ করিম জানান, পরীক্ষামূলকভাবে এই ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি। থিয়েটারে কাজ করার সময় থেকেই শামীম জামান এবং আ খ ম হাসানের সঙ্গে তাঁর বন্ধুত্ব। মোশাররফ বলেন, ‘সেই থেকে এখন পর্যন্ত আমরা একসঙ্গে দৌড়াচ্ছি। আমাদের মধ্যে বোঝাপড়া ভালো। আমরা কখনোই কারও কোনো উদ্যোগকে “না” বলি না। রেস্তোরাঁ খোলার কথা শামীম যখন বলল, তখনো “না” বলতে পারিনি। এভাবেই তিনজন মিলে শুরু করি নতুন যাত্রা।’
নতুন এই যাত্রা নিয়ে অভিনেতা আ খ ম হাসান বলেন, ‘তিন বন্ধু মিলে একসঙ্গে নতুন কিছু করতে পারছি, এটাই বড় পাওয়া। ২৫ নভেম্বর আমাদের রেস্তোরাঁর উদ্বোধন হয়।’
শোবিজ তারকাদের ব্যবসায় নাম লেখানো নতুন কিছু নয়। বড় পর্দার তারকা রিয়াজ, সংগীতশিল্পী শাফিন আহমেদ, হাবিব, মিলন মাহমুদ, হৃদয় খান এর আগে রেস্তোরাঁ খুলেছেন।