
কনা, ইমরান ও নাবিলা—তাঁরা তিনজনই এ বছর পেয়েছেন তাঁদের প্রথম মেরিল-প্রথম আলো পুরস্কার। তিনজনই পেয়েছেন দর্শক জরিপে সেরার পুরস্কারটি। এই স্বীকৃতি পেয়ে নিজেদের যারপরনাই সৌভাগ্যবান মনে করছেন তাঁরা। সেই তিন সৌভাগ্যবান ১৮ মে দুপুরে এসেছিলেন প্রথম আলোর কার্যালয়ে আরও কয়েকজনের ভাগ্য নির্ধারণে! হ্যাঁ, তাঁরা এসেছিলেন মেরিল-প্রথম আলো পুরস্কারে দেওয়া পাঠকদের ভোট থেকে লটারির মাধ্যমে কয়েকজন ভাগ্যবান পাঠকের নাম তুলতে।
গত বৃহস্পতিবার প্রথম আলোর কার্যালয়ে বিভিন্ন মাধ্যমে (কুপন, এসএমএস ও ইন্টারনেট ভোটিং) পাঠকদের পাঠানো হাজার হাজার ভোট থেকে একাধিক ভাগ্যবান ভোটারের নাম নির্ধারণ করেন এবারের পুরস্কার বিজয়ী এই তিন তারকা।
তিনজন এবার প্রথম পেলেন ‘মেরিল প্রথম আলো পুরস্কার’। তাই পুরো আয়োজন ঘিরে তাঁদের উত্তেজনার কমতি ছিল না। ততক্ষণে সংগীতশিল্পী ইমরান ও অভিনেত্রী-উপস্থাপক নাবিলা চলে এসেছেন। কনার জন্য অপেক্ষা না করেই দুজন কুপনের ঝুড়িতে সৌভাগ্যবান বিজয়ীর নাম খুঁজতে নেমে পড়লেন। বস্তায় বস্তায় কুপন যখন বড় একটি টেবিলের ওপর ঢালা হচ্ছিল, তা দেখে ইমরানের তো চোখ কপালে! বলেই ফেললেন, ‘এত এত ভোট! পাঠক, ভক্তরা আমাদের জন্য পাঠিয়েছেন! আমাদের জন্য এত ভালোবাসা!’
হাসতে হাসতে এই সংগীতশিল্পী বললেন, ‘সবাই-ই তো আমাদের কারও না কারও ভক্ত, ইশ্! সবাইকে যদি কুপনের পুরস্কার দেওয়া যেত!’ পাশ থেকে নাবিলা বললেন, ‘চলো চলো, দেরি না করে আমরা কুপন তুলি!’
প্রথম কুপন তুললেন নাবিলা। তোলার সঙ্গে সঙ্গে ইমরান অতি আগ্রহী হয়ে তাতে নজর দিলেন। বললেন, ‘দেখি দেখি, এই কুপনে কোন কোন শিল্পীকে ভোট দিয়েছেন পাঠক।’ নাবিলা ভালো করে চোখ বুলিয়ে নিয়ে চিত্কার করে ইমরানকে বললেন, ‘দেখো দেখো, যিনি কুপন পাঠিয়েছেন, তিনি আমাদের দুজনকেই ভোট করেছেন। ওহ! উই আর সো লাকি! (আমরা কী সৌভাগ্যবান)’
এরপর একটার পর একটা কুপন তুলছেন, নিজেদের ভোট থাকলেই দুজন মিলে চিত্কার দিয়ে পুরো অফিস মাথায় তুলে নিচ্ছেন।
পাঠকের ভাগ্য নির্ধারণের ফাঁকে প্রথম আলোর ফেসবুক পেজ থেকে ‘লাইভ’-এও যান ইমরান ও নাবিলা। জানান নিজেদের উচ্ছ্বাস, উত্তেজনা আর আনন্দের কথা।
এই আনন্দ-উত্তেজনার মাত্রা আরও বেড়ে যায়, যখন কনা দৌড়ে এসে যোগ দেন এই আয়োজনে। দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে প্রথমেই ক্ষমা চেয়ে নেন। শেষ পর্যায়ে এসে ভোটারদের মধ্য থেকে চূড়ান্ত পুরস্কার বিজয়ী, অর্থাৎ গাড়ির বিজয়ীর নাম তোলার ভার পড়ে কনার হাতে।
পুরো রুম চুপ হয়ে গেল। ভোটের স্তূপের একেবারে তলা থেকে একটি কুপন বের করেন কনা। ‘কে এই ভাগ্যবান, দেখি দেখি’—এই বলেই ইমরান ও নাবিলা দুজন দুদিক থেকে কনার কাছে চেপে আসেন। কনা ভাগ্যবান সেই নাম ঘোষণা করলেন। পেয়েছেন চট্টগ্রামের এক নারী।
কুপন থেকে ফোন নম্বর নিয়ে বিজয়ীকে অবাক করে দিতে সঙ্গে সঙ্গেই কনা ফোন দেন তাঁকে। লাউডস্পিকার দিয়ে কথা বলেন বিজয়ীর সঙ্গে। বিস্তারিত বর্ণনায় না গিয়েই কনা বললেন, ‘আপনার কি গাড়ি আছে?’
বিজয়ী বললেন, ‘না।’
কনা বলেন, ‘গাড়ি চালাতে পারেন?’
বিজয়ী অবাক হয়ে বললেন, ‘আমার তো কোনো গাড়িই নেই, চালাব কী করে!’
তখনো বিজয়ী কিছুই বুঝে উঠতে পারছিলেন না, কী হচ্ছে এসব। তিনি বলছিলেন, ‘আপনি কে বলছেন? কী কারণে এসব বলছেন, বলুন তো?’
এবার কনা বলেই ফেললেন, ‘আমি সংগীতশিল্পী কনা বলছি, আপনি মেরিল-প্রথম আলো তারকা জরিপে যে ভোট করেছিলেন, তার কারণে লটারিতে প্রথম পুরস্কার জিতেছেন। আপনি একটি গাড়ি জিতেছেন।’ এ কথা শুনেই খানিকক্ষণের জন্য নীরবতা, এরপর বিজয়ী বললেন, ‘সত্যিই বলছেন? বিশ্বাস হচ্ছে না!’ এরপর চিত্কার দিয়ে উঠলেন তিনি।
এদিকে এই ডামাডোলের মধ্যে নাবিলা বারবার ঘড়ির কাঁটার দিকে চোখ রাখছেন। জানালেন, এখান থেকে বেরিয়ে একটি অনুষ্ঠানের উপস্থাপনায় যোগ দিতে হবে। আয়নাবাজি ছবিতে অভিনয় করে দর্শক জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। আর কনা ও ইমরান মেরিল-প্রথম আলো পুরস্কার জিতেছেন যথাক্রমে সেরা সংগীতশিল্পী (নারী ও পুরুষ) বিভাগে।
কুপন তোলার সব আনুষ্ঠানিকতা শেষ করে তিনজনই প্রথম আলোর কার্যালয় থেকে বেরিয়ে যান একসঙ্গে।
পাঠক জরিপ ড্রয়ের ফলাফল
দ্বিতীয় পর্ব
প্রথম পুরস্কার মোটরসাইকেল। বিজয়ী পাঠক ফোন ধরেননি। তাঁর মোবাইল নম্বরের শেষ ছয় ডিজিট ০১৮৮৭৮।
দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন শাকিলা ইসরাত লিসা, বরিশাল বিশ্ববিদ্যালয়।
তৃতীয় পুরস্কার স্মার্টফোন পেয়েছেন আফরোজা, মালিবাগ, ঢাকা।
শেষ পর্ব
প্রথম পুরস্কার মোটরসাইকেল পেয়েছেন রাইহানুর রহমান রাফাত, চট্টগ্রাম।
দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন সুমি আক্তার, এইচএসসি প্রথম বর্ষ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ।
তৃতীয় পুরস্কার স্মার্টফোন পেয়েছেন সজিব, ওয়াইজঘাট, ঢাকা।
চূড়ান্ত পর্ব
প্রথম পুরস্কার মোটরসাইকেল পেয়েছেন কুলসুম আক্তার, রায়পুরা, নরসিংদী।
দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন সাদ্দাম হোসেন আরাফাত, শিবপুর, চিতলমারী, বাগেরহাট।
তৃতীয় পুরস্কার স্মার্টফোন পেয়েছেন মর্জিনা, আগা সাদেক লেন, ঢাকা।
মেগা পুরস্কার
মেগা পুরস্কার গাড়ি পেয়েছেন মালাম মামদুদা বেগম, আপন নিবাস, ই-১, ১৩৬৮, নাসিরাবাদ, চট্টগ্রাম।