তিন বিপ্লবীকে নিয়ে মঞ্চনাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় গতকাল মঞ্চস্থ নতুন নাটক বিবাদী সারগাম–এর একটি মুহূর্ত l প্রথম আলো
জাতীয় নাট্যশালায় গতকাল মঞ্চস্থ নতুন নাটক বিবাদী সারগাম–এর একটি মুহূর্ত l প্রথম আলো

বিনয়, বাদল, দীনেশ—তিন তরুণ। তিন বিপ্লবী। ব্রিটিশবিরোধী আন্দোলনের এই তিন তরুণ কলকাতা রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন। ওই ঘটনাকে কেন্দ্র করে হয়েছে মঞ্চনাটক—বিবাদী সারগাম। গতকাল মঙ্গলবার জাতীয় নাট্যশালায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মাত্র তিন মাসের ব্যবধানে নাটকের দল প্রাঙ্গণেমোর মঞ্চে এনেছে নতুন নাটকটি। এ নিয়ে দলটি টানা তিন মাসে তিনটি নতুন নাটক মঞ্চে নিয়ে এল। এটি প্রাঙ্গণেমোর নাট্যদলের ১১তম প্রযোজনা। নাটকটিতে দেখা যায়, ঘটনার বিন্যাসের প্রয়োজনে বিনয়, বাদল ও দীনেশকে তুলে ধরতে গিয়ে সমসাময়িক ঘটনাগুলো বিন্যস্ত করা হয়েছে। বিনয়, বাদল, দীনেশের মধ্যে বিনয় ও বাদল আত্মহত্যা করেছিল, আর দীনেশকে উঠতে হয়েছিল ফাঁসির মঞ্চে।
বিবাদী সারগাম নাটকটিতে অভিনয় করেছেন রামিজ রাজু, মাইনুল তাওহীদ, রিগ্যান সোহাগ, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, লিটু রায়, আহমেদ সুজন, চৈতালী চৈতী, রাহুল, নিরঞ্জন নীরু, সুজন গুপ্ত, প্রীতি, মাহমুদুল হাসান, সোহাগ রহমান, বাঁধন সরকার প্রমুখ।
তরুণ শিল্পীদের জন্য থাকছে স্বর্ণপদক: তরুণ চারুশিল্পীদের অংশগ্রহণে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। ১৮৮ জন শিল্পীর ১৮০টি চিত্রকর্ম, ৩০টি ভাস্কর্য, ৮টি স্থাপনাশিল্প, ৭টি ভিডিও স্থাপনাশিল্প ও ২টি পারফর্মিং আর্টসহ মোট ২২৭টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনী চলবে ৯ জুন পর্যন্ত। স্বর্ণপদক দেওয়া হবে শ্রেষ্ঠ নবীন শিল্পীকে।
একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের সেমিনারকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, চারুকলা বিভাগের পরিচালক উৎপল কুমার দাস ও প্রযোজনা বিভাগের পরিচালক ইকবাল হোসেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্বিবার্ষিক-বার্ষিক এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এক লাখ টাকা মূল্যমানের ‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার’, চিত্রকর্ম, ছাপচিত্র ও মিশ্র মাধ্যমে ৭৫ হাজার টাকা মূল্যমানের তিনটি শ্রেষ্ঠ পুরস্কার এবং ৫০ হাজার টাকা মূল্যমানের চারটি সম্মাননা পুরস্কার দেওয়া হবে।