তিন বোনের ঈদ
ঈদের ১৫ দিন আগেই জামাকাপড় কেনার কাজটা শেষ করা হতো। ছোটবেলায় তাঁদের নিয়ম ছিল, কেউ কারও জামা ঈদের দিন ছাড়া দেখাবেন না। যদি কেউ দেখে ফেলতেন, তবে অন্যজন উচ্চ স্বরে কান্না শুরু করে দিতেন। আর মা-বাবাও তাই তিনজনের জন্য বেছে বেছে জামার কাপড় কিনে খলিফাকে ডেকে ডিজাইন করে বানাতে দিতেন।বলা হচ্ছে তিন বোন—সুচন্দা, ববিতা ও চম্পার কথা। শৈশবের ঈদটা কেটেছে তাঁদের বাগেরহাটে, আবার কয়েকটি ঈদ কেটেছে যশোরে। পরিবারের কঠোর শাসনের কারণে ঘরের বাইরে বের হওয়া তাঁদের জন্য ছিল নিষেধ। কিন্তু একবার ঈদের দিন সব শাসনের দরজা ভেঙে তিন বোন বেরিয়ে পড়লেন। সারা দিন ঘুরেফিরে বিকেলে বাসায় ফিরলেন তাঁরা। সুচন্দা বললেন, ‘এ দিনের যে স্বাধীনতা, তার যে আনন্দ, এটাই ছিল আমাদের কাছে ঈদের বড় আনন্দ।’একসময় বাগেরহাট থেকে তাঁদের পুরো পরিবার চলে এল ঢাকার গেন্ডারিয়ায়। এখানে এসে একটু একটু করে পাল্টাতে থাকে তাঁদের জীবনযাপন। সুচন্দা চলচ্চিত্রে অভিনয় শুরু করলেন। নায়িকা হয়েছেন, ফলে ঈদ উদ্যাপনের ধরনও যেন পাল্টে গেল তাঁদের। ববিতা আর চম্পা ঈদের দিন সালাম করে টাকা নেন। সেই টাকায় আবার প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখেন। কিন্তু সুচন্দা নায়িকা, তাই চাইলেই চট করে প্রেক্ষাগৃহে ববিতা আর চম্পার মতো চলে যেতে পারেন না।‘সুচন্দা আপুর সঙ্গে জহির ভাইয়ের বিয়ে হলো। একবার ঈদে আমাদের জন্য কেনাকাটা করলেন। আমি দুলাভাইকে বললাম, সবচেয়ে বড় উপহারটা এবার আমি কিনব। সুচন্দা আপা সেবার আমাকে অনেক দামি একটা জামা কিনে দিলেন। পরে মনে হলো, চম্পা দেখলে মন খারাপ করবে কি না। কিন্তু দেখি, দুলাভাই ওর জন্যও জামা কিনে এনেছেন। ঈদের দিন সেই জামা পরে জহির ভাইকে সালাম করে আমরা পেলাম সালামি। আনন্দ আর যেন আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। পুরো পরিবারেই ছড়িয়ে পড়ে।’ ঈদের আনন্দের কথা বলতে গিয়ে এভাবেই বলছিলেন ববিতা।চম্পা সবার ছোট। তাই তাঁর কোনো বিশেষ আবদার ছিল না। সবাই তাঁকে যা দিতেন, সেটাই তাঁর কাছে অনেক বড় উপহার বলে মনে হতো। ‘সুচন্দার পর ববিতা আপা যখন চলচ্চিত্রে দারুণ ব্যস্ত নায়িকা, তখন তো আমিই ববিতা আপুর সবকিছু দেখাশোনা করি। তো ঈদের সময় কার জন্য কী কেনা হবে এবং ববিতা আপুর জন্য কী কেনা দরকার—এসব ঠিক করে নিজেই চলে যেতাম শপিং মলে। কেনাকাটা করে আবার সেগুলো যাঁদের জন্য কেনা হয়েছে, তাঁদের কাছে পৌঁছে দিতাম। আর শত ব্যস্ততার মধ্যেও ববিতা আপু ঠিকই আমার জন্য কেনাকাটা করে রেখে দিতেন। ঈদের ঠিক আগে আগে আমাকে এগুলো দিতেন। ঈদের দিন দুই বোন মিলে নানা রকমের খাবার তৈরি করতাম। বিকেল পর্যন্ত সেসব খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করতাম। রাতের বেলা বসে আবার টিভি দেখা শুরু করতাম। এমনি করে কাটত আমাদের ঈদ।’ বলছিলেন চম্পা। এখন তিন বোনের সংসার হয়েছে। তাঁরা আলাদা বসবাস করেন। কিন্তু তাঁদের যোগাযোগ একবিন্দুও কমেনি। তিন বোন এখনো প্রতিদিন একবার করে একজন আরেকজনের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। দেশের বাইরে যান একসঙ্গে। শপিং করতে গেলে একসঙ্গে করেন। সুচন্দা বলেন, ‘এর আগে একবার ঈদের মধ্যে আমরা চলে গেলাম দেশের বাইরে। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম। ঈদের মধ্যে বিদেশে ভ্রমণ, তাও এক অন্য রকম আনন্দ।’