তিন বয়সের তিন চরিত্রে
একই নাটকে তিন বয়সের তিনটি চরিত্রে অভিনয় করেছেন সজল। নাটকটি নির্মাণ করেছেন মাতিয়া বানু শুকু। নাম প্রেম, সুখে অসুখে। সম্প্রতি নাটকটির শুটিং হলো কাপ্তাইয়ে। জানা গেছে, সজল নাটকে ১৭, ২৫ ও ৪৫—এই তিন বয়সের রূপ নিয়ে অভিনয় করেছেন। প্রথমে দেখা যায়, সজল ১৭ বছর বয়সে এক মেয়েকে ভালোবাসে। মেয়েটির পরিবার কোনোভাবেই তাদের সম্পর্ক মেনে নিতে পারে না। একসময় মেয়েটির বাবা সজলকে ডেকে জানিয়ে দেন যে সজল প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তিনি মেয়েকে কিছুতেই তার হাতে তুলে দেবেন না। এরপর সজল অপেক্ষার প্রহর গুনতে থাকে। ২৫ বছর বয়সে যখন মেয়েটির মুখোমুখি দাঁড়ানোর চেষ্টা করে, তখন মেয়েটির বাবা বাসার ঠিকানা বদলে অন্যত্র চলে যান। মেয়েটির অন্য এক ছেলের সঙ্গে বিয়ে হয়। ফলে সজল হতাশায় পড়ে। তবুও অপেক্ষা করতে থাকে এবং মেয়েটিকে খুঁজতে থাকে। এরপর ৪৫ বছর বয়সে সজল জানতে পারে, মেয়েটির স্বামী মারা গেছে। সজল মেয়েটিকে খুঁজে বের করে।সজল বললেন, ‘শুকু আপা যখন আমাকে নাটকের গল্পটি শোনালেন, তখনই আসলে আমি কাজটা করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠি। আমার কাছে এটি একটি অন্য রকম কাজ বলে মনে হয়েছে।’